আমি মিথ্যে বলেছিলাম!
আমি তোমাকে ভালোবাসিনি
ইচ্ছেরা আমার কখনোই চায়নি...
তোমার মত নাটাই ছেঁড়া ঘুড়ি হয়ে দূর আকাশে হারাতে।
আমি মিথ্যে বলেছিলাম!
আমি ভালোবাসিনি তোমাকে
আমার তো ইচ্ছে হয়নি...
সাগর জলে পা ভিজিয়ে তোমার পাশে হাটতে।
মিথ্যেই তো বলেছিলাম আমি!
ভালোবাসিনি তোমাকে এতটুকুও
তাইতো কখনোই পারিনি...
বৃষ্টির জলে বাড়িয়ে দেয়া হাতটা তোমার ছুঁয়ে দিতে।
মিথ্যে বলেছিলাম আমি!
আমি কখনোই ভালোবাসিনি তোমাকে
আমার সাদা মনটা তাই সাদাই রয়ে গেল...
তোমার রঙধনুতে কখনোই পারিনি তাকে রাঙাতে।
আমি সত্যিই মিথ্যে বলেছিলাম!
বিশ্বাস কর...
আমি তোমায় ভালোবাসিনি।
দেখো...তোমার জন্য আমার কোন ডায়রি নেই...
তোমায় নিয়ে যে পারিনি আমি একটাও কবিতা লিখতে।
হাসছ কেন!
ওহঃ ! এই কবিতাটা?
সে ও তো আমার হয়ে তোমারই লেখা!
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


