জানালা ও আপেক্ষিকতা
---------------- ড. রমিত আজাদ
স্মৃতি একটি খোলা জানালা,
যার এপাশ-ওপাশ হয়
জোৎস্নায় মাখামাখি,
অথবা উজ্জ্বল রৌদ্রের মাতম।
জানালার এপাশে আমি,
আর ওপাশে তুমি,
এপাশটা বর্তমান,
আর ওপাশটা অতীত।
আবার ওপাশ থেকে যদি তুমি দেখো,
তাহলে ওপাশটা বর্তমান,
আর এপাশটা অতীত।
সবকিছুই আপেক্ষিক!
তোমার কি মনে পড়ে,
আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা নিয়ে,
কেমন গভীর আলোচনায় ডুবে যেতাম আমরা!
আইনস্টাইন বলেছিলেন, 'সময় আপেক্ষিক,
কোন কাঠামোতে সেটা কম,
কোন কাঠামোতে সেটা বেশি।'
এই নিয়ে আমরা হাসতাম,
আইনস্টাইন-এর বোধহয়
আমাদের মতো অভিজ্ঞতা হয়েছিলো,
নিরস ক্লাসরূমে সময় কিছুতেই শেষ হয়না,
আর যখন আমরা দুজন একান্তে,
অন্তরঙ্গ সময় কাটাই তখন
ঝড়ের গতিতে কেটে যায় কয়েক ঘন্টা
সময় ফুরিয়ে যায় এতো দ্রুত যেন,
কয়েক মিনিট পার হলো মাত্র!
এখন জানালার ওপাশে
সময় কেমন কাটে আমি জানিনা,
এপাশে সময় একদম কাটতে চায়না জানো,
'ডাইলেশন! টাইম ডাইলেশন।'
কতটুকু বিস্তৃত হবে জানিনা,
মৃত্যুর বিন্দুটাতেই যদি থেমে যায়,
তাহলে বেশ হবে!
তা নইলে তো বিস্তৃত হবে অনন্তকাল,
সেই সাথে অনন্ত যন্ত্রনা!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


