বালিকা তুমি গায়িকাও বটে!
-- রমিত আজাদ
বালিকা আমি ত্রাস নয় শান্তির পিয়াসী,
পারাবতের চঞ্চুতে সতর্কে ধরে রাখা
জলপাই শাখাই আমার কাম্য,
আর যদি পুষ্প ও কূঁড়ি হয় স্তবক
সযত্নে সাজানো তোমার কোমল হাতে,
আমি তাই নেব সই, রাঙাতে তোমার মন।
তারপর হয়তো ভেসে যাবো পারাবারে,
রৌদ্রের খরতাপে দহে
উত্তাল জল থেকে ভাপ,
ভাপ থেকে মেঘ,
মেঘ থেকে বারি,
বর্ষণ হয়ে ঝড়বো,
বারংবার তোমার বুকে।
সেই উত্তুঙ্গ যুগল পর্বতের উপত্যকায়
ছিলো শান্তির শ্যামল ছায়া,
বুকের গভীরে ফুঁসে ওঠা বৈশাখী ঝড়,
নিস্তদ্ধ হয়ে রুপান্তরিত হয়েছিলো
মোলায়েম ভৈরবী গানে।
বালিকা তুমি গায়িকাও বটে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

