শব্দ থেকে দু একটি অক্ষর
ছিঁড়ে নিলে এমন আর কি!
যদিও তুমি বলতে পার
একটি নক্ষত্র ছুটে গেলে
মহাকাল ভেঙে যাবে।
আদিম গুহায় যে মানব এঁকেছিল
নির্বাক জীবনের আত্মদর্শন
তার থেকে একটি তীরবিদ্ধ
জংলী পশুর লাশ যদি আমি
নিয়ে আসি,তবে চলে এসো!
হয়ে যাক বেঁচে থাকার নির্মম
কিংবা মধুর আয়োজনে
আমাদের শেষ মধ্যাহ্নভোজন।
অথবা নিয়ে আসব সেই নিষিদ্ধ ফল,
শয়তানকেও নিয়ে আসতে পারি!
সাথে নিয়ে আসব প্রস্তর যুগের
এক খণ্ড বরফ,মহুয়ার মদের
সাথে মিশিয়ে পান করব
মাতাল স্বপ্নের আকণ্ঠ মাতলামি।
আর যদি না আসো, তবে থাক!
আমি একাই বিস্ফোরিত হব,
প্রসারিত হব, তারপর শুন্যে
মিলিয়ে যাবার পূর্বমুহূর্তে বিন্দু
হয়ে যাব কোন এক বৃত্তের ভিতর!
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।









