
১. বৃষ্টি ঝরানোর কোনো তাড়া নেই সাদা মেঘ গুলোর-যেন খামোখাই আকাশেই ঘুরে বেড়াচ্ছে।আাকাশের দিকে তাকিয়ে সিরিয়াস কিছু ভাবা যায়না, সিরিয়াস কিছু ভাবতে হয় মাটির দিকে তাকিয়ে। আমি সিরিয়াস কিছু ভাবার জন্য মাটির দিকে তাকালাম। কিছু সময় থাকে শুধুই ভাববার।
২. টিউশনির টাকা জমিয়ে মাকে একটা বাছুর কিনে দিয়েছিলাম। মা সেটার নাম দিয়েছিলেন হরিণী। আজ সেটার একটা বাছুর হয়েছে। সেটারও একটা নাম রাখা হয়েছে-লালী। অফিসের প্রচন্ড ব্যস্ততার মাঝে মায়ের মুখে খবরটা শুনে আমি হাসলাম। টুকরো টুকরো ঘটনা নিয়েই মানুষ জীবন গঠিত, যেমনটা টুকরো টুকরো ইট দিয়ে তৈরি হয় দালান।
৩. কক্সবাজার যেতে মন চাইছে খুব। পাশে কেউ থাকলে ভালো লাগতো। সাগরের রক্তহীম করা শো শো ডাক শুনিনা বহুদিন। ভরদুপুরে বালুর উপর বসে বসে সাগরের ঢেউ দেখব। জীবনে পাগলামির কোনো বিকল্প নেই।
৪. সেদিন অনেক রাত পর্যন্ত নৌকায় বেড়ালাম। জোছনায় ফুটে থাকা সাদা শাপলাগুলোকে মনে হচ্ছিলো যেন কালো পানির বুকে সাদা বরফের বিন্দু। শহর আমার ভালো লাগেনা, আমি ভালোবাসি নীরবতা, জনমানবহীনতা, ধ্যানমগ্ন একটা সবুজ ঘাসবন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

