
একদিন তুমিও দেখতে পাবে
সেই সাদা কাকদের গন্তব্য।
তারা উড়ে বেড়াত, জখমি এক নগরীর বাতাসে,
সকল নাগরিক ভাঁড়ের অগোচরে।
পরপারের গল্পে নয়, ডিম পাড়া যন্ত্র হতে নয়,
লজ্জিত হয়ে তাদের দাসাত্মায়, জীবনের অর্থ পেতে।
একদিন তুমিও দেখতে পাবে
সেই সাদা কাকদের গন্তব্য।
একদিন যখন ভেঙ্গে পড়বে ভাগাড়ের পাপ-চক্র,
চিড় ধরবে তোমার নিয়মতান্ত্রিক দেয়ালে,
তখনও কি তুমি হেসে উড়িয়ে দিবে- তোমার অন্ধ চোখের শাপ?
জেনে-শুনে গিলে চলবে বারবার
সকালের চায়ের সাথে এক চামচ করে মিথ্যা?
একদিন, কোন একদিন, তুমিও দেখতে পাবে
সেই সাদা কাকদের গন্তব্য।
যখন অন্ধকারের সেই পর্দা নেমে যাবে,
তোমার পিঠে সত্যের ডানা লাগিয়ে নিও—
সাদা কাকদের সাথে এক আকাশে বেড়িও,
কারন তখন গন্তব্য জানবে তুমিও।
--সাদা কাকদের গন্তব্য, রওনক-উল-ইসলাম।
২১ আগস্ট, ২০১৪।
[ফুটনোটঃ একটা গান থেকে অনুপ্রাণিত, লিখতে গিয়ে বোধ হয় মূল গান থেকে আমার ধারণা নিয়েই বেশি অংশ লিখে ফেলেছি। ১৩ বারের বেশি গানটা শুনেছি, মাথায় কথা গুলা ক্রমাগত ঘুরপাক খাচ্ছিল, তাই আজ সন্ধ্যায় বসে লিখে ফেললাম।]
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


