প্রতীক্ষার সমীকরণে আমিই রাজা,
পরিব্যাপ্ত সময়ে ঊর্ধ্বাকাশে চেয়ে থেকে
তারাগোনা রোজকার অভ্যাস হয়ে গিয়েছে।
চোখের দৃষ্টিকে ছুটিয়ে দেই দিগন্তপানে,
খুঁজে বের করবে নাম না জানা কোনো এক
নক্ষত্রকে। ঠিক এককোনে মৃদুহাস্য চাঁদ
জিহ্বা দেখিয়ে সমর্থন জানায় সূচনার।
তারাগুলো?
ওগুলো যেন কারও প্রতিচ্ছবি হয়ে মুটিয়ে
রয়েছে। মূর্ছনার ধিনাক তান তিন করা ছুটন্ত
মুহূর্তে ঘটা করে জানান দিচ্ছে ধ্রুবতারা, ওই যে
আকাশের রাজা, কী দম্ভ তার!
খুঁজতে খুঁজতে আকাশের ওই পশ্চিম মুখটায়
চোখ আটকে যায়। কার যেন মুখচ্ছবি দেখতে
পাই আমি। সেই পরিচিত মুখ, প্রাণোচ্ছল হাসি,
শব্দ করে পথচলার অনিপুণ ভঙ্গিমা, সবকিছুই
অনেক চেনা লাগে।
ঠিকইতো!
এই যে আমার হারিয়ে যাওয়া তুমি। অভিমানের
পালা শেষ হয়েছে কি তোমার? আমি কাঁদছি বলে
ওই দূরে বসে হাসছ কেন তুমি? দুষ্টু মেয়ে।
পাঠক ভাববে, তুমি বুঝি সত্যিই তারা হয়ে
গিয়েছ। কিন্তু তুমি যে সত্যিই তারা হয়ে
যাও নি, এটা কে বোঝাবে তাদের? কোনো এক
অমাবস্যার রাতে, আমার পাশে বসে হাতে হাত
রেখে বলেছিলে, “আমি যদি কখনো হারিয়ে যাই,
ওই পশ্চিম আকাশের তারাটির দিকে তাকিও,
আমায় দেখতে পাবে তুমি। “ হারিয়ে তুমি ঠিকই
গেছো, আমার জীবন থেকে। অন্যের ঘর করছো,
সুখেই আছো। আর আমি? ওই যে বললাম,
ঊর্ধ্বাকাশে চেয়ে
থেকে তারাগোনা রোজকার অভ্যাস হয়ে গিয়েছে।
তারপর??
তারপর……………
…….. হঠাৎ ধাক্কায় ঘুমটা ভেঙে গেলো আমার।
“ এই ওঠো। কয়টা বাজে দেখেছো? শিগগির ওঠো।
অফিসে যাও তারাতারি। টেবিলে নাস্তা দিয়েছি। “
অবাক হওয়ার প্রথম ধাক্কাটা সামলে নিয়ে তোমায়
দেখি। এইতো আমার তুমি, ঠিক আমার পাশেই বসে
আছো। তোমার ঠোঁটে আলতো চুমু দিয়ে বলি
“ ভয়ংকর দুঃস্বপ্ন দেখছিলাম। ঠিক এভাবেই জাগিয়ে
দিও সারাজীবন। দুঃস্বপ্নগুলো যখন জেঁকে ধরবে আমায়,
আলতো করে ঠোঁটে চুমু দিও, একটু স্পর্শ দিও,
তোমার গায়ের অমূল্য ঘ্রাণ দিও একটু। তোমার
ভালোবাসার কাছে যেন দুঃস্বপ্নগুলো এভাবেই পরাজিত হয়।“

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

