ভোরসকালে বসে ছিলাম। কবিতা লিখবো ভেবে। ভোরবেলা কবিতা ভালো হয়। আবার রাতের বেলাও কবিতায় বাণ আসে। কে বলেছিলো তা মনে নেই। তাই রাতভোর জেগে থাকার সিদ্ধান্ত নিই। একবার ভাবি কবিতা লিখবো অনেক কঠিন শব্দে। একদম উত্তরাধুনিক কবিতা। আবার ভাবি কবিতা হবে নির্মল। কঠিন শব্দের কবিতাগুলোকে আপন মনে হয়। আর নির্মল শব্দের কবিতাগুলোকে হিংসা হয়।
অথচ কবিতার জন্য চাই ভাবাবেগ। আমার ভেতর কোন ভাবাবেগ নাই। কিন্তু তবু আমার কবিতা লিখতে হবে। কবিতা লিখা সহজ। একটা জীবনে যদি কবিতাই লিখতে না পারলাম! একলাইনে কঠিন শব্দ। আরেক লাইনে নির্মল শব্দ। এভাবে কবিতা বানাতে হবে। তাহলে আমার দূর্বলতা কেউ ধরতে পারবেনা।
যারা পারদর্শী তারা ধরলে কি আর হবে। ততদিনে আমার ভক্তকূল দাঁড়িয়ে যাবে। তারাই আমার অবস্থান তৈরী করে দিবে। সমালোচনা তখন হবে আমার মতো লিখতে না পারার যন্ত্রণা। আমি কবিতা লিখবো। একটা কবিতা হবে সারদা দেবীকে নিয়ে। আরেকটা কবিতা হবে ল্যাম্পপোষ্টের যুবককে নিয়ে। সারদা দেবী আর ল্যাম্পপোষ্টের যুবকের মিলন না হবার জন্য দায়ী করবো রাষ্ট্রযন্ত্রকে। ব্যাস, হয়ে যাবে রাজনৈতিক কবিতা।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




