somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টির রাতের অতিথি (পর্ব ২: অচেনা অতিথি)

২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





পাহাড়ে ভূতের গল্পের অভাব নেই। ঝড়ের রাতে জানালার ওপারে সাদা পোশাকের মেয়ে, পায়ের নিচে কোনো ছাপ নেই এ ধরনের গল্প প্রতিটা চায়ের দোকানে একটা করে পাওয়া যায়। আমি ভূত বিশ্বাস করি না; তবু সেই মুহূর্তে আমার ঘাড়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। আমি জানালার সামনে দাঁড়িয়ে রইলাম। মনে মনে ভাবলাম চোখের ভুল, ঝড়ের রাতে গাছের ডালও মানুষের মতো লাগে; কিন্তু মেয়েটি দরজার সামনে এগিয়ে এসে দরজার কড়া নাড়ল। নিজেকে নিজেই বললাম, "দরজা খুলো না, ওই মেয়ে যে-ই হোক, তোমার কী?" কিন্তু…

আমি হারিকেনটা তুলে নিলাম। হাত কাঁপছিল না; দরজার ছিটকিনি খুলতেই বৃষ্টির জল ঘরে ঢুকে পড়ল, হারিকেনের শিখা থরথর করে উঠল। মেয়েটি দরজার সামনে দাঁড়িয়ে ছিল। হারিকেনের আলোয় তাকে দেখলাম রোগা, লম্বা। পরনে সাদামাটা পোশাক, দেখে আমার চেয়ে বয়সে ছোট হবে মনে হলো। বৃশঢটিতে ভিজে চপচপে হয়ে গেছে, তার পায়ের কাদা লেগে আছে।

“আমি ভেতরে আসতে পারি?”

“এসো, এসো!” আমি সরে দাঁড়ালাম। “এই ঝড়ে একা এখানে কী করছ?”

“অনেক দূর থেকে এসেছি,” সে বলল।

“সে তো দেখতেই পাচ্ছি।”

সে ভেতরে ঢুকল। আমি খাটের ওপর থেকে পুরোনো কম্বলটা আর ব্যাগ থেকে শুকনো একটা জামা বের করে ওর দিকে বাড়িয়ে দিলাম। সে দুটোই নিল। “ধন্যবাদ,” বলল শব্দটা এমন ভারী করে, যেন কেউ প্রথমবার সোনার মোহর হাতে নিয়েছে। কিন্তু গায়ে জড়াল না। দুই হাতে ধরে রাখল, যেন জিনিসগুলো দিয়ে কি করবে তা বুঝার চেষ্টা করছে। এবার আমার পেশাদার চোখটা কাজে নামল। মানুষের মুখে আমি সবসময় তিনটে জিনিস খুঁজি: ভয়, লজ্জা, আর ভান। ওই তিনটের কোনো একটা পেলেই মানুষকে পড়া যায়। এই মেয়ের মুখে তিনটের একটাও ছিল না। মুখটা খোলা বইয়ের মতো, অথচ আমি কিছুই পড়তে পারছিলাম না যেন লেখাগুলো এমন এক বর্ণমালায়, যা আমি শিখিনি।

“খিদে পেয়েছে? টিফিন ক্যারিয়ারে ভাত আর একটা ডিম আছে।”

“না, ধন্যবাদ।” সে মাথা নাড়ল। “আমার খিদে নেই।”

“পানি?”

সে মাথা নাড়ল। আমি স্টিলের গ্লাসে জগ থেকে পানি ঢেলে দিলাম। সে গ্লাসটা দুই হাতে ধরে অনেকক্ষণ দেখল, তারপর চোখ বুজে ধীরে ধীরে চুমুক দিল আর শেষ ফোঁটা পর্যন্ত খেল, যেন পানি নয়, কোনো দামি জিনিস। গ্লাস নামিয়ে সে টেবিলের হারিকেনটার দিকে তাকাল। ছোট্ট হলুদ শিখাটা কাচের ভেতরে কাঁপছিল। সে ধীরে ধীরে এগিয়ে গেল, যেভাবে মানুষ ঘুমন্ত শিশুর কাছে যায় আর তার চোখে আমি এমন কিছু দেখলাম যা আমি নিজেই বুঝতে পারছিলাম না।

“আগুন,” সে প্রায় ফিসফিস করে বলল। “শব্দটা শুনেছিলাম। এমন দেখতে, জানতাম না।”

আমি হেসে বললাম, “আগুন কখনো দেখোনি? কোন গ্রামে থাকো তুমি, সবাই ইলেকট্রিক চুলায় রান্না করে নাকি?”

সে উত্তর দিল না। শিখাটার দিকে তাকিয়ে রইল, যেন চোখ সরালে ওটা মিলিয়ে যাবে।

“এটা তো ছোট আগুন,” আমি বললাম। “দাঁড়াও, বড়টা দেখাই। ঘরটাও ঠান্ডা, তুমিও ভিজে একাকার।”

আমি চুলার সামনে হাঁটু গেড়ে কাঠ সাজালাম, কেরোসিনের ছিটে দিলাম, তারপর দেশলাই জ্বালালাম। কাঠিটা ফস করে জ্বলে উঠতেই সে চমকে একপা পিছিয়ে গেল, পরক্ষণেই ঝুঁকে এসে দেখল কাঠির মাথার ছোট্ট আগুনটা কীভাবে কাঠ বেয়ে নেমে আসছে। আমি সেটা চুলায় ছুড়ে দিলাম। কাঠে আগুন ধরল প্রথমে নীলচে, তারপর কমলা, তারপর মড়মড় করে জ্বলে উঠলো।

সে চুলার সামনে এসে হাঁটু গেড়ে বসল, ডান হাতটা শিখার দিকে বাড়িয়ে দিল।

“এই, সাবধান!” আমি লাফিয়ে উঠলাম।

সে হাত সরাল না। আর শিখাটা আমি স্পষ্ট দেখলাম ওর হাতের দিকে একটু ঝুঁকে এল, যেন ওকে চিনতে পেরেছে। নিশ্চয়ই জানালার ফাঁক দিয়ে ঢোকা বাতাস আমি নিজেকে তা-ই বললাম। তারপর সে নিজেই হাত গুটিয়ে নিল, আর প্রথমবার হাসল। আগুনের আলোয় এবার তাকে ভালো করে দেখলাম। চোখ দুটো একটু বেশি গভীর, যেন ভেতরে আরেকটা আকাশ আছে। সুন্দর বলা যায়, তবে এ সেই সৌন্দর্য, যা তাকিয়ে থাকলে অস্বস্তি লাগে কারণ মনে হয় সে-ও আপনাকে দেখছে, আর আপনার চেয়ে বেশি দেখছে।

“গরম,” সে বলল। “এত গরম!”

“আগুন গরমই হয়,” আমি বললাম, হাসতে হাসতে। ওর আনন্দটা এমন ছোঁয়াচে ছিল যে হাসিটা আপনা থেকেই এসে গেল। অনেকদিন পর বুঝি এমন করে হাসলাম। এদিকে আমার মাথায় প্রশ্নের ভিড়। ও কে? এই পাহাড়ে এতো রাতে একা কেন? পালিয়ে এসেছে? কোন ঝামেলায় পড়ি আবার কে জানে। এদিকে ফোনে নেটওয়ার্ক নেই, পুলিশে খবর দেওয়ার উপায়ও নেই। তবুও মেয়েটির মুখের দিকে তাকিয়ে পুলিশের কথা ভাবতে ইচ্ছে করছিল না।

“তুমি কি কোথাও যাচ্ছিলে?” আমি জিজ্ঞেস করলাম। “কোনো গ্রামে থাকো, কার বাড়িতে যাচ্ছিলে?”

“কিছু একটা শুনে এসেছিলাম। ডাকছিল।”

“কে ডাকছিল?”

“জানি না। কিছু একটা হবে হয়তো।”

আমি বুঝলাম না, ও কি বোঝাতে চাইল। ওর কথায় মনে হচ্ছিলো, মেয়েটির হয়তো কোনো মানসিক সমস্যা আছে। কিন্তু ওর শান্ত চোখের দিকে তাকিয়ে সে-টা বিশ্বাস ইচ্ছে হলো না। আমি কথা বলতে শুরু করলাম। আমি চঞ্চল মানুষ, চুপ করে থাকলে অস্বস্তি হয়। বললাম কটেজের কথা, রহমত চাচার কথা, কাদার পথে বাইক হড়কানোর কথা শুনল। একবারও কথার মাঝখানে প্রশ্ন করলো না, বাঁধা দিল না। একটুও হাই তুলল না। যেন প্রতিটা শব্দ আমার মুখ থেকে বেরিয়ে সোজা ওর মাথার ভেতরে গিয়ে জমা হচ্ছিল।

ছাদের এক কোণ থেকে জল চুঁইয়ে পড়ছিল। আমি একটা বালতি পেতে দিলাম। টপ, টপ, টপ। সে শব্দটা শুনল, মাথা কাত করে, যেন গান শুনছে।

“এটা কী শব্দ?”

“জল পড়ার।”

“প্রতিবার একই রকম?”

“মোটামুটি।”

“না,” সে বলল। “প্রতিবার একটু আলাদা।”

আমি কান পাতলাম। সে ঠিক বলেছিল। মাঝে মাঝে সে ছোট ছোট প্রশ্ন করছিল। হারিকেন কাকে বলে, দেশলাই কাকে বলে। যা একবার বুঝিয়ে দিচ্ছিলাম, দ্বিতীয়বার জিজ্ঞেস করছিল না। আমি ভাবলাম, কোনো প্রত্যন্ত গ্রামের মেয়ে হয়তো স্কুলেই যায়নি, অথচ খুব মেধাবী।

“সত্যি করে বল তো তুমি কে?” আমি বললাম। “নাকি তুমি ভূত?”

“ভূত কী?”

“যে মরে গিয়েও ঘুরে বেড়ায়।”

সে এক মুহূর্ত ভাবল। “না। আমি তো জীবিত।” তারপর একটু থেমে, “মরে গেলে কি সবাই ঘুরে বেড়ায়?”

প্রশ্নটা এত সরল ছিল যে আমার উত্তর দিতে একটু দেরি হলো। “না,” বললাম। “বেশিরভাগ মানুষ ঘুরে বেড়ায় না। শুধু তারা ঘুরে বেড়ায়, যারা ভূত হয়ে যায়”

সে মাথা নাড়ল, যেন একটা জরুরি তথ্য খাতায় নোট করে নিল।

“আচ্ছা, তুমি যে বললে বাইকে এসেছ,” সে বলল। “ওটা কী করে?”

“দু’চাকার একটা গাড়ি,” আমি বললাম। “যেটা পাগলের মতো ছোটে।”

“ছোটে কেন?”

আমি উত্তর না দিয়ে আগুনে একটা কাঠ ঠেলে দিলাম। সে আর জিজ্ঞেস করল না। ঝড় বাড়ছিল। বাঁশের দেয়াল গোঙাচ্ছিল। বৃষ্টিটা তখনো রহস্যের বৃষ্টি: ধীর, গা-ছমছমে, যেন কিছু একটা চেপে রেখে আস্তে আস্তে ফিসফিস করছে। আমি আরও কাঠ ঠেলে দিলাম আগুনে, আর তখনই খেয়াল করলাম সে আগুন নয়, আমাকে দেখছে এক টানা।

“কী?” আমি জিজ্ঞেস করলাম। “মুখে কিছু লেগেছে?”

“তোমার ভেতরে একটা ফাঁকা ঘর আছে,” সে বলল।

কথাটা এত মলিন কণ্ঠে বলছে, যেন তোমার জামায় বোতাম নেই টাইপের। আমার হাসিটা মুখে এসে থেমে গেল। বাইরে জোরে বাজ পড়ল, ঘরটা কেঁপে উঠল, আর আমার কানে শুধু নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনলাম মনে এক মুহূর্ত। তারপর আমার পুরোনো অভ্যাস কাজ করল: ঠাট্টা। আড়াল হিসেবে আমার সবচেয়ে প্রিয় অস্ত্র।

“ফাঁকা ঘর?” আমি হেসে উঠলাম। “তাহলে ভাড়া দিয়ে দিই! অগ্রিম তিন মাস, ডিপোজিট ছাড়া।”

সে হাসল না। শুধু মাথাটা একটু কাত করে আমার দিকে তাকিয়ে রইল, যেন আমার রসিকতাটা এমন এক ভাষা, যার অনুবাদ তার কাছে নেই।

“আমি তোমাকে কষ্ট দিতে চাইনি,” সে বলল। ওর গলায় এমন সততা ছিল, যা আমি আমার পেশায় বছরে দু’-একবার দেখি। বললাম-

“দাওনি।”

আমার গলার ভেতরটা হঠাৎ শুকিয়ে গেল। আমি উঠে গিয়ে আগুনে কাঠ ঠেলতে লাগলাম, শুধু যাতে ওর দিকে পিঠ করে থাকতে পারি। ওর নামটাও এখনও জিজ্ঞেস করা হলো না। রাত গভীর হচ্ছে।
আমি বললাম, “খাটে তুমি শোও, আমি চেয়ারে ঘুমাই।”
“আমি আগুনের পাশে থাকি?”
“তোমার ইচ্ছে”
আমিই খাটে শুয়ে পড়লাম। ও চুলার সামনে হাঁটু গেড়ে বসে রইল, দুই হাত বাড়িয়ে, যেন আগুনের উষ্ণতা মেপে দেখছে। ওর পিঠের ওপর শিখার আলো কাঁপছিল। একটা অচেনা মেয়ে, একটা ঝড়ের রাত, একটা বন্ধ কটেজ, অথচ আমার ভয় করছিল না। বরং অনেকদিন পর কোনো ঘরে কারও উপস্থিতি আমাকে অস্বস্তি না দিয়ে একটা অদ্ভুত শান্তি দিচ্ছিল। আমি ছাদের দিকে তাকিয়ে শুয়ে রইলাম। বৃষ্টি, ঝড়, ওর নিঃশব্দ ছায়া, আর মেয়েটার কথাটা যেন মাথার ভেতর বার বার ঘুরছিল: তোমার ভেতরে একটা ফাঁকা ঘর আছে। ঘরটা আমি চিনি। ওর ভেতরে একটা বাজতে থাকা ফোন আছে, একটা স্ক্রিন, একটা নাম। তিন বছর ধরে ওর দরজায় আমি তালা ঝুলিয়ে রেখেছি। মাসুদ ভাই কখনো সেদিকে তাকাননি। নাইমা কড়া নেড়েছিল, আমি খুলিনি। অথচ এক অচেনা মেয়ে, আধঘণ্টার মধ্যে, ঠিক ওই দরজার দিকে আঙুল তুলে দিল। সে কিছু অনুমান করেনি। যা দেখেছিল, শুধু তা-ই বলেছিল। আমি মানুষের মন পড়ি। সেই রাতে, জীবনে প্রথমবার, কেউ আমার মনটা পড়ে ফেলল। আগুনের চড়চড় আর বৃষ্টির টুপটাপ, রাতটা যেন দুটো আলাদা বাদ্যযন্ত্রে বাজছিল। আমি অনেকক্ষণ ছাদের কড়িকাঠ গুনলাম। সাতটা। গোনা শেষ করে আবার গুনলাম, সাতটাই। ঘুম আসছিল না। ঘরে আরেকজন মানুষ থাকার একটা নতুন, অচেনা ওজন ছিল। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। বাজ পড়ার শব্দে ঘুম ভাঙ্গে গেল। মেয়েটা তখনও আগুনের পাশেই বসে আছে।
“তুমি ঘুমাও নি”
“আমি ঘুমাই না”
“একটা কথা ভুলে গিয়েছিলাম,” আমি উঠে বসে বললাম। “তোমার নামটা তো জিজ্ঞেস করিনি।”
সে চুলার সামনে থেকে ঘাড় ঘুরিয়ে তাকাল। “নাম?”
“হ্যাঁ। যা দিয়ে লোকে তোমাকে ডাকে।”
সে একটু থামল। আমার পেশায় থামারও একটা ব্যাকরণ আছে। মানুষ মিথ্যে বলার আগে থামে, কষ্টের কথা বলার আগে থামে, সত্যিটা সাজিয়ে নেওয়ার আগে থামে। ওর থামাটা এই তিনটের কোনোটাই ছিল না। ও থামল সেই মানুষের মতো, যে কোনো ড্রয়ার হাতড়ে এমন একটা জিনিস খুঁজছে, যা সে আগে কখনো ব্যবহার করেনি।
“আফরিন,” সে বলল।
“আফরিন,” আমি পুনরাবৃত্তি করলাম। “সুন্দর নাম। এর মানে জানো?
“না”
“প্রশংসা, শাবাশ, এই ধরনের কিছু।”
“না। আমি শুধু শব্দটা পছন্দ করেছি।”
“আমি তুহিন,”
“তুহিন এর মানে কি?”
“বরফ। শীতল।” আমি হাসলাম। “মা শখ করে রেখেছিলেন, অথচ আমার মেজাজ শীতল হওয়ার ধারে কাছে নেই।”
সে আগুনের দিকে একবার তাকাল, আবার আমার দিকে। “শীতল,” সে বলল। “অথচ তুমি আগুন জ্বালাতে জানো।”
কথাটার কোনো উত্তর আমার কাছে ছিল না। তাই পেশাদার ভঙ্গিতে সোজা হয়ে বসলাম। “চলো, তোমার একটা ইন্টারভিউ নিই। প্রথম প্রশ্ন: নিজের সবচেয়ে বড় দুর্বলতা কী?”
সে সত্যি সত্যি ভাবল। কপাল সামান্য কুঁচকে, চোখ ছাদের দিকে তুলে, যেমন কেউ পরীক্ষার খাতায় সত্যিকারের উত্তর লিখতে বসে। “আমি অনেক কিছু জানি,” সে বলল। “শব্দ, নিয়ম, নাম। কিন্তু জানা আর অনুভব করা যে এক নয়, সেটা আজ রাতে প্রথম বুঝছি।”
আমি হেসে ফেললাম। “এটা তো আমাদের অফিসের সবচেয়ে ভালো উত্তর হতো।”
“এটা কি ভালো উত্তর?” সে জিজ্ঞেস করল, সত্যিকারের কৌতূহলে।
“ভীষণ ভালো।” আমি একটু থেমে বললাম, “কাল সকালে কী করবে ভেবেছ? বাড়ি কোথায় তোমার?”
“বাড়ি অনেক দূরে।” সে আগুনের দিকে তাকিয়েই বলল। “ফেরার পথটা আমি এখনো খুঁজে পাইনি।”
কথাটা এত নরম গলায় বললো যে আমি কিছুক্ষণ কিছু বলতে পারলাম না। আমার পেশার প্রথম নিয়ম: যাকে পড়তে পারো না, তাকে কাছে টেনো না। আমি নিয়মটা ভাঙলাম। কেন ভাঙলাম, তখনো জানতাম না।
“আমি কাল চট্টগ্রামে ফিরছি,” বললাম। “চাইলে সঙ্গে চলো। আমার চেনা মানুষ অনেক, কেউ না কেউ তোমার বাড়ির পথ চিনিয়ে দিতে পারবে।”
“চট্টগ্রাম কী?”
“শহর। অনেক মানুষ, অনেক গাড়ি, অনেক শব্দ।”
“অনেক মানুষ,” সে শব্দ দুটো আস্তে আস্তে উচ্চারণ করল, যেন ওজন মাপছে। “আমি যাব।”
আমি নিজেকেই জিজ্ঞেস করলাম, একটা অচেনা মেয়েকে সঙ্গে নিতে কি আমি রাজি হয়ে গেলাম? উত্তরটা হ্যাঁ। আর আমার ভেতরে কোনো আপত্তি জন্মালো না।
আমি বালিশের নিচ থেকে ফোনটা বের করলাম। অভ্যাসবশত, নাকি কোনো কল আসার ভয়ে, জানি না। স্ক্রিন জ্বলল। ঘড়িতে রাত দুইটা পঞ্চান্ন, আর ওপরের কোণে নেটওয়ার্কের দাগের জায়গায় একটা ছোট্ট ক্রস।
“ওটা কী খুঁজছে?” আফরিন জিজ্ঞেস করল। সে কখন যেন খাটের কিনারার কাছে এসে দাঁড়িয়েছিল; স্ক্রিনের ফ্যাকাশে আলো ওর মুখে পড়েছে।
“নেটওয়ার্ক,” আমি বললাম। “মানে… একটা অদৃশ্য সুতো। ওই সুতো দিয়ে একটা ফোন আরেকটা ফোনের সঙ্গে বাঁধা থাকে। এখানে পাহাড়, সুতো পৌঁছায় না।”
“সুতো ছিঁড়ে গেছে?”
“ছেঁড়েনি। এখানে কোনোদিন পৌঁছায়ইনি।”
সে স্ক্রিনটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। “তাহলে আজ আর কেউ তোমাকে ডাকতে পারবে না।”
“না,” আমি বললাম। বলতে গিয়ে খেয়াল করলাম, আমার গলায় স্বস্তি। সে-ও খেয়াল করল।
“আমি একটা ডাক শুনে এসেছি,” সে বলল, “ কিন্তু তুমি একটা ডাক এড়িয়ে এসেছ।”
ফোনটা হঠাৎ আমার হাতে অনেক ভারী লাগল। “তুমি কী বলতে চাইছ?”
“কিছু না।” সে সরল মুখে মাথা নাড়ল। “শুধু মিলিয়ে দেখলাম।”
আমি ফোনটা বালিশের নিচে গুঁজে দিয়ে আমি আবার শুয়ে পড়লাম। ওকে যে কম্বলটা দিয়েছিলাম, সেটা খাটের পায়ের দিকে ভাঁজ করা পড়ে ছিল, একবারও গায়ে জড়ানো হয়নি। আমি সেটাই টেনে নিলাম।
চোখ বুজলেই নাইমার মুখ মনে পড়ল। রিয়াদ ভাইয়ার মৃত্যুর পর যেদিন আমি ওর ফোন ধরা বন্ধ করেছিলাম, সেদিন ও শেষ মেসেজে লিখেছিল, “তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ না, তুহিন, নিজেকে নিজের কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছ” আমি উত্তর দিইনি। প্রেম বহু আগেই ফুরিয়েছে, তবু ওর দুশ্চিন্তা আজও ফুরোয়নি। আমি সেটা জানি, আর জেনেও ফোনটা উপুড় করে রাখি।
আর আফরিন? ওকে নিয়ে আমার মাথায় কোনো ব্যাখ্যা নেই।
কখন ঘুমিয়ে পড়েছিলাম, জানি না। স্বপ্নে একটা ফোন বাজছিল। বাজছিল, বাজছিল, আর আমি কিছুতেই হাত বাড়িয়ে ফোনটা দিতে পারছিলাম না, যেন হাতটা আমার নয়। তিন বছর ধরে ওই শব্দ আমি এড়িয়ে চলি, অথচ ঘুমের ভেতর ও-ই আমাকে খুঁজে বের করে। চমকে জেগে উঠে দেখলাম, ঘরটা আগের চেয়ে অনেক ঠান্ডা। চুলার আগুন নিভে এসেছে, শুধু ছাইয়ের ভেতর থেকে লালচে একটা আভা। আর চুলার সামনের জায়গাটা খালি। দরজাটা ভেজানো, ছিটকিনি খোলা। ঝোড়ো হাওয়ায় সেটা একটু একটু নড়ছে।
“আফরিন?” আমি ডাকলাম।
সাড়া নেই। উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ালাম। বাহিরে বৃষ্টি তখন অনেকটা হালকা হয়ে এসেছে, ঝড় চলে গেছে। রহমত চাচার বাঁশের বেড়া, ঝরে পড়া কুমড়োর লতা, আর কুয়াশায় ঘোলা দুধের মতো উঠান। আর তার ঠিক মাঝখানে, খালি পায়ে কাদার ভেতর, আফরিন। সে দুই হাত দুই পাশে মেলে ধরেছে, তালু ওপরের দিকে, মুখ আকাশের দিকে তোলা। বৃষ্টি তার চোখে-মুখে পড়ছে, সে চোখ বন্ধ করেনি। মানুষ যেভাবে দূরের কোনো গান শোনার জন্য থেমে যায়, ঠিক সেভাবে সে দাঁড়িয়ে ছিল। আমি কান পাতলাম। বৃষ্টি, বাতাস, নিচের কোনো ঝর্নার শব্দ, আর কিছু না। কিন্তু সে কিছু একটা শুনছিল, এটা ওর পিঠের ভঙ্গিই বলে দিচ্ছিল। হঠাৎ বাতাসটা থেমে গেল। বৃষ্টিও যেন এক মুহূর্তের জন্য নিঃশব্দ হয়ে গেল। আর বহু দূরে, মেঘের ভেতর, কিছু একটা জ্বলে উঠল। বিদ্যুৎ চমকায় না। আমি জীবনে অনেক বিদ্যুৎ চমকানো দেখেছি; তার রং সাদা, কখনো হলদেটে, কখনো গোলাপি। এটা ছিল নীল। গভীর, গাঢ় নীল, যেন সমুদ্রের অনেক নিচ থেকে কেউ একটা টর্চ জ্বালিয়েছে। একবার, দুবার দেখা গেল তারপর মিলিয়ে গেল। কোনো গর্জন হলো না। আফরিনের কোন নড়াচড়া নেই শুধু ওর আঙুলগুলো, ধীরে ধীরে খুলে গেল, যেন ও কাউকে উত্তর দিচ্ছিলো, আমি স্পষ্ট দেখলাম। তারপর সে মুখ ঘুরিয়ে সোজা আমার জানালার দিকে তাকাল। ওর চোখ দুটোয় নীল হয়ে জ্বলে উঠলো, পুরো উঠান আলোকিত হয়ে ওর চোখের নীলচে আলোয়…
(চলবে…)
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×