ব্লগে লেখা হয় না অনেকদিন। কেন লেখা হয়না, তার কোন সুনিদৃষ্ট কারণ আমার নিজেরই জানা নেই। অলসতা, অনাগ্রহ, লেখার বিষয় খুজে না পাওয়া বা এজাতীয় কোন একটা কিছু হবে হয়তো।তবে ব্লগে না লিখলেও প্রায় নিয়মিতই পড়ি। অধিকাংশ পোষ্ট অখাদ্য হলেও কিছু কিছু ভাল লেখা খুজে পেতে আমার খুব বেশী কষ্ট হয়না।
আজ কেন যেন হঠাৎ করেই লিখতে ইচ্ছা হল। গত পরশু আমার এখানে ঈদ হয়ে গেল। এখানে ঈদ আর তেমন কি, সকালে নামাজ পড়তে সিটি হলের কমিউনিটি সেন্টারে যাওয়া এবং তার পর সোজা ল্যাব-এ প্রত্যাবর্তন পুর্বক যথারিতি গবেষণায় মনোযোগ দেয়া। প্রতি ঈদে এই নিরামিশ রুটিন আর ভাল লাগেনা। এই ভাল না লাগা থেকে মনটা খুব খারাপ হয়ে আছে। আমার স্ত্রী আমার মুখের দিকে তাকিয়েই বুঝতে পারে কোথাও একটা গন্ডগোল হয়েছে। জানতে চায় আমার কি হয়েছে। বলি, মন ভাল নেই। দেশে চলে যাব।
দেশে যখন ছিলাম, বিদেশের নয়ন জুড়নো ছবি দেখে কত ভেবেছি এমন দেশে একবার যেতে পারলে আর বাংলাদেশে ফিরবনা। কত সুন্দর ওই দেশগুলো। কত সুখ জানি ওখানে।সুন্দর বাড়ি, গাড়ী, রাস্তা, সব। কিন্তু গত দু'দিন থেকে সব কিছুকে কেমন যেন ফানুস মনে হচ্ছে। দেশ ছেড়েছি তিন বছর। এর মধ্যে লেখাপড়ার পাঠ চুকিয়ে চাকরি (পোষ্টডক্টরেট) শুরু করেছি। কি পাইনি এরই মধ্যে? বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংশান (দ্যা প্রেসিডেন্ট এওয়ার্ড) সহ সর্বোচ্চ ডিগ্রী, পড়াশোনা শেষ হওয়ার আগেই মোটা বেতনের পোষ্টডক্টরাল ফেলোশিপ, সুন্দর বাড়ী, এবং গাড়ী। আরো অনেক কিছুই হবে এখানে থাকলে। কিন্তু আমার মন আর মানছেনা। সবই নিরর্থক মনে হচ্ছে। সব ছেড়ে ছুড়ে ফিরে যেতে ইচ্ছে করছে আমার মাটির কাছে। ছোট্র গ্রামের সবুজ ছায়ায়। মানুষের জীবনতো একটাই হয়। তাকে নিরানন্দে এভাবে শেষ করে দেয়ার কোন মানে হয় না।
আশংকা হয়, দেশে গেলে হয়তো অনেক কষ্টে থাকতে হবে। অনেক কিছুই ঠিক মত হবেনা। আমি তবু ফিরে যাব আমার দুঃখি দেশটাতে। সেখানে চেনা মাটির একবুক ভালবাসাই সমস্ত চাওয়া পাওয়ার হিসাব মিলিয়ে দেবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


