চা খেয়ে তলানিটুকু রেখে দেই পিঁপড়েদের জন্যে
গন্ধ শুকে নেশাখোরের মত এলোমেলো হেঁটে আসে ওরা
দ্বিধা না করে কাপ বেয়ে উঠে যায়
ওদের ফিসফিসানি শুনতে পাই আমি
খাদ্য সংগ্রহ আর খাওয়াই কি ওদের জীবন?
মিষ্টি!মজা!অনেক মজা!
খুশিতে কোরাস গায় ওরা
বয়স্করা ধমকায়, সময় নেই তাড়াতাড়ি
অসাবধানে হঠাৎ বাচ্চা পিঁপড়েটা পড়ে যায়
বাদামী চায়ে হাবুডুবু খেতে থাকে
মিলিমিটারের দেহটা ক্রমশ নিথর হয়ে আসতে থাকে
খাদ্যের চৌবাচ্চায় ভাসতে থাকে তার শরীর
একসময় চেটেপুঁটে তলানি শেষ করে ফেলে বাকিরা
মৃতদেহের সামনে খেতে কোন অসুবিধা হয়নি ওদের
তৃপ্তির ঢেকুর তুলে বাড়ি ফিরে যায় ওরা।

সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




