গত ২৬ এপ্রিল ২০১৩, শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২-এর নাচাগানার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। সাভারের বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসে পড়েছিল ২৪ এপ্রিল। উদ্ধার কাজ এখনো চলছে। ওই দুর্ঘটনার পর বৃহস্পতিবার সারা দেশে জাতীয় শোক দিবস পালিত হল। শুত্রবার সারা দেশে সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থণা হল। আর একই দিন শুক্রবার সন্ধ্যায় প্রথম আলো করলো নাচাগানার অনুষ্ঠান। প্রথম আলো'র কর্তা ব্যক্তিদের কারো মাথায় কী জাতীয় এই শোকের সময় অমন একটি আনন্দ অনুষ্ঠান করার বিষয়ে কোনো বিরূপ অনুভূতি কাজ করেনি? তাদের একজন ব্যক্তিও কি ওই অনুষ্ঠানটি পিছিয়ে দেবার জন্যে আয়োজকদের বলেনি? আমি বিশ্বাস করতে চাই, অনেকে হয়তো বলেছিল। কিন্তু আয়োজকরা তাতে গা করেনি। ২০১২ সালের অনুষ্ঠান আরো এক মাস পিছিয়ে দিলেও কোনো সমস্যা হবার কথা নয়। কিন্তু বদলে যাও বদলে দাও শ্লোগানের প্রথম আলো বিতর্কিত সেই অনুষ্ঠানটি শুক্রবার সন্ধ্যায় করলো।
অনুষ্ঠানে যারা গিয়েছিল এবং যারা বর্জন করেছিল সবার মনের কথা বুঝতে পেরে মতিউর রহমান গং-রা ওই অনুষ্ঠানকে এখন বলতে চাইছে ‘কনসার্ট ফর সাভার ভিকটিমস’। তামাশা আর চরম ভণ্ডামি একেই বলে। মিস্টার মতিউর রহমান, আপনি একদিন আগেই এই ঘোষণাটি দিতে পারতেন যে, ১৯৭১ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর আদলে এ বছর মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২-এর অনুষ্ঠানটি হবে ‘কনসার্ট ফর সাভার ভিকটিমস’। আর যদি তাও হয়, সেই অনুষ্ঠান আরো পরে করাটা হতো বিবেকবান। কারণ, এখনো রানা প্লাজার ধ্বংসস্তূপের মধ্যে জীবিত মানুষের বাঁচাও বাঁচাও ক্ষীণ ধ্বনি শোনা যাচ্ছে। এখনো উদ্ধার কাজে যাঁরা আছেন, তাঁরা সবাই বলছেন, জীবিত প্রত্যেক মানুষকে উদ্ধার করাটাই সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। যতোক্ষণ প্রাণের গুঞ্জন শোনা যাবে ততোক্ষণ অন্তঃত ম্যানুয়াল পদ্ধতিতে উদ্ধার কাজ চলবে। তারপর সিমেন্ট সুরকি সরিয়ে ম্যাসিভ উদ্ধার অভিযান পরিচালিত হবে।
প্রথম আলো অন্তঃত একটি ঘোষণা দিতে পারতো অনুষ্ঠান শুরুর আগে- যে আজ আমরা কোনো নাচাগানা করব না। পুরস্কার বিতরণ হবে। কিন্তু অন্যান্য সকল বিষয়ের বদলে আমরা সাভার-দুর্গতদের জন্য মেরিল-প্রথম আলো তহবিল গঠন নিয়ে শুধু আলোচনা করব। কিন্তু প্রথম আলো তা করেনি।
মূল অনুষ্ঠান শুরুর আগে আগত সবাই সাভারে নিহত ও আহত ব্যক্তিদের জন্য এক মিনিট নীরবতা পালন করে শোক প্রকাশ করেন। তারপর চতুর মতিউর রহমান আগত শিল্পী ও দর্শকদের চেহারা ও মনের কথা বুঝতে পেরে ওই অনুষ্ঠানকে নামকা-ওয়াস্তে ‘সাভার-দুর্গতদের জন্য সংস্কৃতি’ অনুষ্ঠান ঘোষণা দিয়ে ৫৪ লাখ টাকার একটি তহবিল সংগ্রহ করলেন। কিন্তু জাতীয় এই বিপর্যের সময় অনুষ্ঠানে থেমে থাকেনি নাচাগানা! অথচ ১১ বছর পর দেশে অনুষ্ঠিত হচ্ছে ৮ম বাংলাদেশ গেমস। সাভার দুর্ঘটনার কারণে ৮ম বাংলাদেশ গেমসের জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
আমি বিশ্বাস করতে চাই, যারা মেরিল প্রথম আলো অনুষ্ঠানে গিয়ে সাভার দুর্গতদের জন্যে সাহায্যের ঘোষণা দিয়েছেন, তারা সবাই প্রথম আলো'র যে কোনো উপায়ে সাভার দুর্গতদের জন্য সাহায্যের আবেদন করলে আরো বেশি সাড়া দিতেন। ঘূর্ণিঝড় সিডরের পর বরগুনায় দুর্গত মানুষদের পাশে প্রথম আলো বন্ধুসভা যেভাবে কাজ করেছিল, তা আমার এখনো মনে আছে। লেখক আনিসুল হক (আনিস ভাইকে)-কে তখন দুর্গত এলাকায় আবিষ্কার করে আমার যে অনুভূতি হয়েছিল, শুক্রবারের মেরিল প্রথম আলো'র অনুষ্ঠানে সেই আনিস ভাইকে নতুন কৌশলে মোটেও মানান সই লাগেনি। এমন কি আনিস ভাই'র ২৭ এপ্রিল ২০১৩ দৈনিক প্রথম আলো'তে
'সাভার-দুর্গতদের পাশে শিল্পীরা তহবিলে ৫৪ লাখ টাকা': ''আসুন, পাশে দাঁড়াই'' শিরোনামে লেখাটিও একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে যে লেখা, ব্যক্তিগত ভাবে আমার তাই মনে হয়েছে। অনুষ্ঠান না করে ওই লেখাটি পত্রিকায় আসলে আমার আরো ভালো লাগত।
সাভার দুর্গতদের পাশে সবাই দাঁড়াবেন এটা এখনো আমি বিশ্বাস করতে চাই। সাভার দুর্ঘটনা নিয়ে এখন অনেকে হয়তো রাজনীতি করবে, তাও আমাদের এখন দেখতে হবে। কিন্তু কয়েক দিন গেলেই বাংলাদেশে এই দুর্গত মানুষদের কথা সবাই ভুলে যাবে, তাও সত্যি। প্রথম আলো 'মেরিল প্রথম আলো পুরষ্কার ২০১২' অনুষ্ঠান আয়োজন করে একটি খারাপ উদাহরণ সৃষ্টি করলো। 'রোম পুড়ছে নীরু বাঁশি বাজাচ্ছে' এই বাগধারাটি এখন প্রথম আলো'র জন্যেও প্রযোজ্য। দেশের জাতীয় বিপর্যের মধ্যেও প্রথম আলো নাচাগানা করতে পারে।
মিস্টার মতিউর রহমান, আপনি আরেকটু বিবেকবান হবার চেষ্টা করুন। নইলে বদলে যাও বদলে দাও শ্লোগানটি ঠিক আপনাদের সকল কর্মকাণ্ডের সঙ্গে মানায় না। আমরা বিশ্বাস করতে চাই, প্রথম আলো 'মেরিল প্রথম আলো'র নাচাগানার আনন্দানুভূতি' ভুলে সাভার দুর্গত মানুষের জন্যে আরো বেশি সক্রীয় থাকবেন। হৃদয় দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াবেন। যেমনটি তারা এর আগে দেশের অনেক জাতীয় বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল, তেমনি ভাবে বিবেকের তাড়নায় মানুষের পাশে দাঁড়াবেন, এটাই প্রত্যাশা করি। মেরিল প্রথম আলো অনুষ্ঠানের শেষে নাকি চঞ্চল চৌধুরী গেয়েছিল ভূপেন হাজারিকার ‘মানুষ মানুষের জন্য’ গানটি। এই গানটি মানুষের হৃদয়ে যদি বেজে থাকে তাহলে হয়তো আমরা আরো অনেক স্বপ্ন দেখতে সাহস পাব। মানুষের পাশে দাঁড়ানোর উৎসাহ পাব। কিন্তু জাতীয় বিপর্যের সময় ঘটা করে আনন্দ অনুষ্ঠান করে এই গান গাওয়ার মধ্যে কোনো মহত্ব নাই। সাভার দুর্গত মানুষদের সাহায্যের জন্য গঠিত মেরিল প্রথম আলো সাহায্য তহবিলে অনেকেই সাহায্যের ঘোষণা দিয়েছেন, তাদের জাগ্রত বিবেককে আমি সাধুবাদ জানাই। টাকার অংক না বলে সাহায্যে অংশগ্রহনের ঘোষণা দিয়ে শিল্পী জয়া ও জাহিদ হাসান আরেকটি উদাহরণ সৃষ্টি করলেন। তাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ। কারণ, আনিস ভাইয়ের লেখায় দেখলাম, টাকার অংক আর শিল্পীর মর্যাদার একটি ক্রম অনুসরণ করা হয়েছে। অন্তঃত দুইজন শিল্পী এই ক্রমের উর্ধ্বে উঠতে পেরেছেন বলে আমার ধারণা।
সবশেষে মিস্টার মতিউর রহমান সাহেবের কাছে ছোট্ট একটি প্রশ্ন- মেরিল প্রথম আলো পুরষ্কার ২০১২-এর অনুষ্ঠান করতে ২০১৩-এর প্রায় চার মাস পেরিয়ে গেল কেন? ২০১২-এর অনুষ্ঠান কী ২০১২-এর মধ্যে শেষ করা যেতো না? প্রথম আলো'র যে দক্ষ ও অভিজ্ঞ কর্মীবাহিনী আছে, তাদের নিয়ে যদি উক্ত অনুষ্ঠান করতে প্রথম আলো'র চার মাসের মতো বেশি সময় লাগে, তখন বাংলাদেশে অন্যান্য যে সকল অনুষ্ঠান বা বিষয়গুলো দেরিতে বাস্তবায়ন হয়, সেগুলো কি পরোক্ষভাবে হলেও দেরিতে করার প্রশ্রয় পায় না? কিংম্বা এই রীতি চালিয়ে যাবার জন্যে উৎসাহিত হয় না? 'সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়' কথাটি কেন যেনো বার বার মনে পড়ছে প্রথম আলো'র এই তামাশা ও ভণ্ডামি দেখে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


