কিন্তু দেশ টিভি সকল সাংবাদিক এথিকস ভঙ্গ করে টেলিভিশনে ধর্ষণের শিকার হওয়া শিশুটি এবং তার আত্মীয় স্বজনকে বারবার টেলিভিশনের পর্দায় দেখালো। এটা কোন ধরনের সাংবাদিকতা? সাংবাদিকতার কোন এথিকসে একটি ধর্ষিত শিশুকে টিভিতে দেখানোর অধিকার আছে? যদি বাংলাদেশের সাংবাদিকতার এথিকসে এখনো ধর্ষিতার ছবি টিভিতে দেখানো বা পত্রিকায় প্রকাশের কোনো অধিকার থাকে, তাহলে এটি আইন করে বন্ধ করা উচিত। একজন ধর্ষিতাকে টেলিভিশনে তার গোটা পরিবার সহ দেখানোর মধ্যে সভ্যতার কোনো সাংবাদিকতা এথিকস থাকতে পারে না।
উচিত ছিল পাষণ্ড রাকিবুলের ছবি দেখানো, তার পরিবারকেও দেখানো যেতে পারে। যাতে সমাজের কাছে রাকিবের কর্মকাণ্ডের জন্য ভবিষ্যতে তারা অনুতপ্ত হয় এবং আইন প্রয়োগকারী সংস্থার রাকিবকে আইনের আওতায় আনতে সুবিধা হয়। অপরাধীকে না দেখিয়ে ভিকটিমকে কিভাবে দেশ টিভি সংবাদে প্রচার করলো এটা ভেবে দেশ টিভি'র নৈতিকতা নিয়েও প্রশ্ন জাগলো! জনাব আসাদুজ্জামান নূর আপনার টেলিভিশনের নৈতিকতা এতো ঠুনকো? আপনি কি করে বিভিন্ন গণ-মাধ্যমে ভিকটিমের পক্ষে কথা বলেন? আপনার টিভিতে একজন ধর্ষিতার ছবি দেখানো হয়, আপনার টিভিতে একজন ধর্ষিতার গোটা পরিবার দেখানো হয়। অথচ আপনার টিভিতে অপরাধী'র কোনো টুটিটিও খুঁজে পাওয়া যায় না। এটা কোন ধরনের নৈতিকতা? এটা কোন ধরনের টিভি সাংবাদিকতা?
অবিলম্বে পাষণ্ড রাকিবকে পুলিশের গ্রেফতার করতে হবে। সেই গ্রেফতার দৃশ্য দেশ টিভিতে বিশেষ বুলেটিন আকারে এক ঘণ্টা পরপর প্রচার করতে হবে। আর ভিকটিম যে শিশুটির ছবি দেশ টিভি প্রচার করছে, সেটি প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। আর ওই টিভি রিপোর্টার ও ক্যামেরাম্যানকে নোটিশ করতে হবে। তাদের টিভি সাংবাদিকতার এথিকস জ্ঞান যদি না থাকে তাহলে তাদের দেশ টিভি থেকে তাড়িয়ে দিতে হবে।
ভিকটিম শিশুটি এবং পরিবার আমাদের এই সমাজের কাছে এখন কিভাবে বেঁচে থাকবে, কিভাবে অন্যদের সঙ্গে মেলামেশা করবে, তা কি একবারও দেশ টিভি কর্তৃপক্ষ ভেবে দেখবেন? ধিক আপনাদের এমন সংবাদ প্রচারের জন্য। ধিক আপনাদের নৈতিকতা? ধিক আপনাদের বড় বড় বুলি। ধিক আপনাদের মুখোশের।
মানুষ যখন টাকার নেশায় উন্মাদ হয়ে যায় তখন তাদের আর কোনো নৈতিকতা থাকে না। দেশ টিভি'ও এখন সেই দশা হয়েছে। ছিঃ দেশ টিভি, ছিঃ ছিঃ ছিঃ...
দেশ টিভির লিংক এখানে
Desh TV
সাংবাদিকতায় নৈতিকতা কতোটা মানা হচ্ছে তা খতিয়ে দেখার জন্যে মাননীয় তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমান কেবিনেটে আপনি একজন দক্ষ ও অভিজ্ঞ রাজনীতিবিদ এবং মহাজোটের শরিক হিসেবে আপনার অবস্থানও আমাদের কাছে পরিষ্কার। দয়া করে আপনি কি দেশ টিভি'র এই নৈতিকতা বিরোধী সাংবাদিকতার ব্যাপারে দেশ টিভি'র কর্নধার মাননীয় সাংসদ জনাব আসাদুজ্জামান নূর সাহেবকে কিছু জিজ্ঞেস করবেন? যদি তাও জিজ্ঞেস করতে আপনার সমস্যা হয়, তাহলে সাংবাদিকদের নিয়ে একটা খোলা আলোচনা (ওপেন ডায়লগ) করুন। এটা যে কোনো সময় যে কোনো দিন আপনার সদিচ্ছা থাকলেই করা সম্ভব। সেখানে সকল সাংবাদিক ও মিডিয়ার প্রতি অন্তঃত একটি অনুরোধ করুন যে, অন্তঃত মিডিয়ায় যেনো ধর্ষিতার পরিচয়ের ব্যাপারে সবাই একটা ন্যূনতম নীতি মেনে চলে। যারা এটা মানবে না তাদের বিরুদ্ধে আপনি সরাসরি ব্যবস্থা গ্রহন করুন। আমরা মিডিয়ার এতো স্বাধীনতার মধ্যে ধর্ষিতার পরিচয় শুনতে চাই না। দয়া করে কিছু একটা করুন, মাননীয় মন্ত্রী মহোদয়।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৩ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



