‘টিম জিবি' মানে গ্রেট ব্রিটেন ফুটবল দল সর্বশেষ অলিম্পিক ফুটবলে অংশ নিয়েছিল ১৯৬০ সালে৷ এর আগে অবশ্য ১৯০৮ এবং ১৯১২ সালের অলিম্পিকে স্বর্ণ জয় করে এই দল৷ চলতি বছর আয়োজক হিসেবে ফুটবলে আরেকটি স্বর্ণ জয়ের আশা করছে ‘টিম জিবি'৷ এই দলের নেতৃত্বে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যমাঠের খেলোয়াড় রায়ান গিগস৷ টিম জিবি লড়ছে গ্রুপ-এ'তে৷
অলিম্পিক ফুটবলের প্রাথমিক পর্বে এই গ্রুপে ব্রিটেনের সঙ্গী উরুগুয়ে৷ ১৯২৪ এবং ১৯২৮ সালের অলিম্পিকে স্বর্ণ জয় করে উরুগুয়ে৷ এরপর অবশ্য দীর্ঘ সময় অলিম্পিক ফুটবলে সুযোগ পায়নি সেদেশ৷ ৮৪ বছর পর এই আসরে তাই আবারো স্বর্ণের প্রত্যাশী উরুগুয়ে৷ তাদের দলে রয়েছে লিভারপুলের লুইস সুয়ারেস এবং নেপোলি'র এডিনসন কাভানি৷ এই দুই স্ট্রাইকার খেলার ফলাফল বদলে দিতে পারেন যে কোনো সময়৷
মরক্কো আর হন্ডুরাসের মধ্যকার খেলার একটি দৃশ্য
মিক্সিকো দল এই মুহূর্তে ‘কনকাকাফ' অঞ্চলের সেরা দল হিসেবে বিবেচিত হচ্ছে৷ সেই অঞ্চলের ২০১১ সালের গোল্ডকাপ এবং অলিম্পিক বাছাই পর্বের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মেক্সিকো৷ তবে সেদেশ অলিম্পিক দল সাজাতে গিয়ে তরুণদেরকে বেছে নিয়েছে৷ তাদের একমাত্র যে খেলোয়াড় মেক্সিকোর বাইরে খানিকটা পরিচিত পেয়েছেন, তিনি হচ্ছেন টোটেনহাইম হট্সপোর মধ্যমাঠের খেলোয়াড় গিওভানি ডস সান্তোস৷ তবে ক্লাব ফুটবলে এই খেলোয়াড়ের বড় কোনো খ্যাতি নেই৷ আন্তর্জাতিক আসরে সুখ্যাতি রয়েছে তাঁর৷ মেক্সিকো খেলছে গ্রুপ-বি'তে৷
অলিম্পিক ফুটবলের গ্রুপ-সি'তে রয়েছে ব্রাজিল৷ এই দল অবশ্য বেশ চাপেই রয়েছে৷ অলিম্পিক ফুটবল হচ্ছে একমাত্র আসর যেখানে বড় কোনো সাফল্য পায়নি ব্রাজিল৷ লন্ডন অলিম্পিকে ফলাফল আশানুরূপ না হলে চাকরি হারাতে পারেন সেদলের কোচ মানো মেনেজিস৷ আগামী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ ব্রাজিল৷ তাই বিশ্বকাপের আগে সেদলের খেলোয়াড়দের আরো অভিজ্ঞতা অর্জনের একটি সুযোগও তৈরি হচ্ছে অলিম্পিক আসরে৷
এশিয়ার দেশ জাপান রয়েছে অলিম্পিকের গ্রুপ-ডি'তে৷ জাপান টাইমসের প্রতিবেদক অ্যান্ড্রু ম্যাকক্রিডি'র মতে সেদেশের ফুটবলের লম্বা ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে৷ তিনি বলেন, ‘‘১৯৬৪ সালে টোকিও যখন অলিম্পিক আয়োজন করে, তখন জাপানিরা দৃশ্যত প্রথম উঁচু মানের ফুটবল ম্যাচ সরাসরি উপভোগের সুযোগ পায়৷ এর চারবছর পরই মেক্সিকো অলিম্পিকে তামার পদক জয় করে সেদেশ৷'' জাপানের অলিম্পিক দলে তারকাদের চেয়ে তরুণ খেলোয়াড়দের জায়গা হয়েছে বেশি৷
এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সেরা দল হচ্ছে স্পেন৷ অলিম্পিকে এই দলও খেলছে গ্রুপ-ডি'তে৷ স্পেনের অলিম্পিক দলে অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে রয়েছেন ২০১১ সালের অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়ান দলের কয়েক খেলোয়াড়৷ বিশ্বকাপ, ইউরো কাপ জয়ের ধারাবাহিকতায় এবছর অলিম্পিক স্বর্ণ পদকটিও জিতে নিতে পারে এই দল৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


