কথা ছিল জলের কোলে পা ডুবাব,
কথা ছিল শ্রাবণ ধারায় গা ভেজাব,
কথা ছিল জোছনা শীতে হব ছায়া,
কথা ছিল ফাগুন বেলায় বইবে হাওয়া,
কথা ছিল আকাশ পানে গুনব তারা,
নদী তীরে বসে দিবস করব সারা,
ধুলোর রঙে রাঙবে আমার ফর্সা জামা,
জোনাকির ঐ আলোক শিখা করব জমা,
কথা ছিল কাজল বিলে বাইব নাও,
ধারটি ঘেষে চলবে ভেসে হাঁসের ছাও,
কথা ছিল পাথার ভরে উঠবে জোয়ার,
কথা ছিল ঘাসের বনে পাতব শিয়র,
কথা ছিল কচু পাতায় জমবে জল,
যা হত তা হল কি কেউ একটু বল,
কাদা মাটির শালিক পাখি উড়ছে হেথা,
জাদুর পাটি হবে কি আর নকশি কাঁথা?
আকাশ কুশুম ভাবছি আমি বসে একা,
রঙ ছাড়া ঐ রামধনু কি যাবে আঁকা?
হওয়ার ছিল অনেক কিছুই মোর জীবনে,
ফুল ফোটেনি আমার বাড়ির কুসুম বনে,
তোমরা যারা আছো আমায় আকড়ে ধরে,
পাছে চলে গেছি বলে যাবে সরে?
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




