জামাল তার পকেটে হাত দিয়ে দেখল বিড়ির প্যাকেট টা ঠিক মত আছে কিনা। এরপর সে ভাবতে লাগল আরেকটা বিড়ি ধরাবে নাকি। এখন শীতকাল আর জামালের অভ্যাস হল দিনে দু প্যাকেট সিগারেট খাওয়া। শত অভাব অনটন থাকলেও তার এই অভ্যাসের পরিবর্তন হয় নি কোনদিন। তার ওপর শীতকাল, তাই বিড়ি খাওয়ার পরিমাণও বেড়েছে। সে বিড়ি ধরানোর জন্য প্যাকেট খুলল আর বের করল একটা। সস্তার আকিজ বিড়ি। সে সেটা ধরাল না। হাতে রেখে দিয়ে কি সব যেন ভাবতে লাগল। এই দু দিন ধরে শীতে তার শরীরে ঝিম ধরে গেছে। ডাক্তার বাবুর কাছে গিয়ে সে ফিরে এসেছে। ডাক্তারকে পায়নি। পাবে কি করে,সে তো গ্রামে নেই। আর থাকলেও তাকে চিকিৎসা দিত কিনা তার নিশ্চয়তা নেই। কেননা সে যতই উদারমনা ডাক্তার হোক না কেন একটা চোর কে চিকিৎসা দিতে নিশ্চয়ই তার মনে খচখচ করবে।
জামাল এখন দাঁড়িয়ে আছে বড় রাস্তাটার ধারে। মাঝে মাঝে শব্দ করে ট্রাক চলে যাচ্ছে। ওপারের দোকান গুলোয় এখনো বাতি জ্বলছে। তাই নিজেকে আড়াল করবার জন্য সে এখানে রয়েছে। জামাল চাঁদের দিকে তাকাল। সে চাঁদের দিকে তাকিয়ে সময় আন্দাজ করার চেষ্টা করে। এটা তার পুরনো অভ্যাস। রাত যতো গভীর হবে তার কাজে ততই সুবিধা। আজ সে চৌধুরী সাহেবের বাড়িতে যাবে।তারা নতুন একটা টিভি কিনেছে। সেটা গাপ করে দিতে পারলে প্রচুর পয়সা পাওয়া যাবে। চুরি করবার কাজটা জামাল বেশ ভালমতই করে। তবে মাঝে মধ্যে সে অনুতপ্ত হয়। হাজার হলেও সে রক্ত মাংসের মানুষ। তবে তার যেহেতু আর কোন উপার্জনের উৎস নেই আর কাজটা সে ভাল পারে তাই এটাই করে। বিড়ি টানতে টানতে তার মনে রেহানার ছবি ভেসে ওঠে। রেহানা তার স্ত্রী। কি সুন্দর মেয়েটা। অল্পবয়সী আর সেজেগুজে থাকতে পছন্দ করে। তবে কদিন ধরে সে বিছানায় পড়ে আছে। তার জ্বর হয়েছে। কিছু খেতে পারছে না। মনে হয় সদর হাসপাতালে নিতে হবে। যাই হোক এসব ভাবার সময় এখন না। জামাল মনে মনে ঠিক করল কাজ শেষ করে একটা বিড়ি ধরাবে। সে তার পকেট দেখে নিয়ে অন্ধকারে পা বাড়াল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

