
ভেবে নেই না দেখাটি ছেলেটিরে-
উদ্ধত, প্রতিবাদী, বেহিসেবি
প্রখর রোদে সে জঙ্গি মিছিল খুব!
যেখানে অন্যায় সেখানে মুঠো হাত,
তুখোড় শ্লোগান!
তাইতেই যত রাগ ঝানু অধ্যাপকেদের
বেয়াদপ ভারী, ক্লাস কামাই, দেশোদ্ধার!
“রসো বাপু! টানছি রাশ তোমার”।
বন্ধুর সাথে চায়ের কাপে ভাগ,
কিছু স্বপ্ন জেগে উঠছিল তখন,
হয়ত পরীক্ষা শেষে বাড়ী ফিরত।
কিংবা ক্লাসে সে নীল উড়না মেয়েটিকে
বুঝি সাহস করে বলেই ফেলত কিছু কথা।
কিংবা রাত দুপুরে ভুল সুরে গেয়ে উঠত
কোন গান প্রতিবাদী।
ভেবে নেই, তার অগোছালো ঘর
আদ্ধেক পড়া খোলা কোন বই বালিশের কাছে ,
ছেড়ে রাখা চেক শার্ট,
দরজার হুড়কোতে একা হাওয়ায় দোলে,
জানালায় বন্দী আকাশ বিষণ্ণ।
তারপর শুধু শূন্যতা, তোমার নাই হয়ে যাওয়া।
আমরা বেঁচে থাকবো আরও কিছু কাল
তোমার চলে যাবার লজ্জা নিয়ে, দুঃখ নিয়ে, ক্ষোভ নিয়ে!
কি হল হে সিস্টেম?
কি হল হে পক্ক কেশ ঝানু অধ্যাপক?
লোভী রাষ্ট্র যন্ত্র আর উন্নয়ন নিরন্তর?
সিদ্দিকুর এর খেয়েছিলে চোখ
আর একে খেয়ে নিলে সবটুকু!
ভাবতে চাই না কারো দেয়ালে দেখা ছেলেটির সরল মুখ-
চিঠির শেষে যে লিখেছে নিজেকে “যুক্তিবাদী বেয়াদব”!
১৬/১১/১৭
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


