এ শহরে আর এসো না সুবোধ
তোমার খাঁচায় আটকে রাখা সূর্য খানাকে নিয়ে চলে যাও।
চলে যাও তত দূর যত দূর কোন শিশুর আর্তনাদ
কোন ধর্ষিতার কান্না
গারদে আটক মাথা উঁচু কোন যুবকের তেজদিপ্ত উচ্চারণ
হায়নার হাসি পেটোয়া বাহিনীর উল্লাস
তোমার কানে না পৌঁছে !
সময় তোমার পক্ষে নয়
এখন সময় অন্যার কাঁধে বন্দুক রেখে
চাঁদমারি করবার, লুটে নেবার,
আমাদের বিশ্বাস, আমাদের সাহস, আমাদের শব্দ।
বুলেটে, ব্যাটনে, বেয়নেটে ভয় নেই যুবকের
ভয় আঁধারে হারিয়ে যাবার।
আঁধারের ভয় নেই, ভয় আঁধারের সাওয়ারিদের
নিকষ কালো কুচ্ছিত নরকের ঘোড়া টানা লাশবাহি গাড়ীর।
ভয় কি! কি হবে? মেরেই ফেলবে!!
ভয় কথা বলতে না পারার, যে দামে কেনা কথা বলার অধিকার
তার কি মুল্য চুকিয়েছে তারা?!
যে শুদ্ধতম আত্মারা সহোদর ভ্রাতা, কিংবা ভগ্নি
তাঁদের নিঃশব্দ উচ্চারনে তাঁদের অনুপস্থিতির স্থিতিতে
প্রশ্ন করলে বেঁচে থাকা বেড়ে উঠা যুবকদের
কি উত্তর তাঁদের দিবে যুবক নিয়ে পিঠে ছড়রা গুলির নকশা!
সুবোধ গেছে চলে নিয়ে খাঁচায় আটক সূর্য!
কে জানে কোন নদীর উজানে পাবো তার লাশ
পেট ফাঁসা, পায়ে ইট বাঁধা গলিত বিকৃত!
এ লেখার প্রতিটি শব্দের দাম হয়ত আমাকে চুকাতে হবে
রক্তে, উপড়ে ফেলা নখে বা এমন কিছু যা আমার জানা নেই!
তবু বলব, তবু বলব, আমার এ কন্ঠ তোমার কেনা নয়
আমার এ আঙুল গুলো তোমার কেনা নয়
এ শব্দ গুলো তোমার অনুগত নয়।
পবিত্রতম শব্দ যা ভয়ে কেঁপে উঠে তোমার আরশ!
আমায় মারতে পারো পারো গুম খুনে হাওয়া করে দিতে।
এই তো!
সুবোধ গেছে, আমিও না হয় যাবো তারপর?!
তারপর, তারপর, তারও পর...
জেনো সূর্য ঠিক বেরিয়ে যাবে খাঁচা ভেঙ্গে!
০৮/০৮/১৮
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



