
আমি কখনো জোছনাকে ভালোবাসিনি,
রাতের বুক থেকে নেইনি মাদকতার আস্বাদন,
আর চোখে চোখ রেখে ছুঁতে হয় কিভাবে করতল,
তাও শিখিনি আগে,
এসব দিনরাত্রি ভালোবাসার ঘুনপোকাদের জীবনী পাঠ
শুনিয়েছিল যে-
সে ছিল শুধু তুমি;
কাফেরের মেয়ে।
আবার দুঃখের অকালবোধন কিংবা
নিঃসঙ্গতার চোখ বেয়ে শূন্যতার অশ্রুপাত
তার মূলেও তুমি
কাফেরের মেয়ে।
মুদ্রার এপিঠে ভালোবাসার সমুদ্র
অন্যদিকে রচনা করেছ যোজন যোজন ব্যবধান,
সে ব্যবধানের কৃষ্ণগহ্বরে হারিয়েছি আমরা
ধীরে ধীরে গড়ে উঠেছে অবিশ্বাসের ঘর
ক্রম বর্ধমান আজ ধর্মের দেয়াল
কাফেরের মেয়ে-
দেয়ালে চোখ রেখে দেখ,
শূন্যতার চারাগাছ জেগে উঠেছে চারদিক
মাথা খুঁড়ে মরে আমাদের ভালোবাসা সেখানে,
ধর্মের দেয়ালে আজ ভালোবাসা যেন
খামখেয়ালির ছাপচিত্র ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

