
আকাশে বাঁধন দিয়াছি ছুড়িয়া।
বাতাসে কাফন গিয়াছে উড়িয়া।
আজ দূর্বার বুক ফুলিয়া,
মোরা লড়বো চোখ তুলিয়া।
কইরে তোরা দুরন্ত ষাঁড়,
সমর শিঙ্গা সাজা।
আজ লড়াইয়ের রণধ্বনিতে
মারণ ধুন বাজা।
বীর বাঙ্গালি বীর শ্রেষ্ঠ
মতিয়ুরের কসম,
তুর্য নাদে কাঁপিয়ে দিবি
অজাত পাখির পশম।
এই দেশের প্রাণের ভাই
একাত্তরের বীর সেপাই,
মোস্তফা কামাল।
জানিস এখন তাঁরই মত
রক্ত তোদের দামাল।
কইরে পাপী সামাল তোরা সামাল।
ইঞ্জিনরুমে গর্জেছিলো
রুহুল আমীন আর্টিফিসার,
লক্ষ ইঞ্জিন চলবে এবার
করবে শত্রু সারাৎসার।
বীর আঘাতে ঝাঁঝরা হলো
নূর মোহাম্মদ শেখ।
তাঁর ঘুমে যে ব্যাঘাত দিয়ে
হাসে খ্যাক খ্যাক;
তারে শ্যেন আঁখিতে দেখ।
ল্যান্সনায়ক মুন্সী আব্দুর রব,
কখনো মলিন হবেনা তোমার শব।
বাংলাদেশের তরূন রক্তে উঠেছে কলরব;
জেগেছে ঘোর চেতনা আজ যুদ্ধদিনের সব।
ও ক্যাপটেন, বীর ক্যাপটেন
মহিউদ্দিন জাহাঙ্গীর,
তোমার সোনার বাংলাদেশে
জন্মেছে লাখো বীর।
এবার হবেই নাশ দুষ্কৃতিদের ভীড়।
বীরশ্রেষ্ঠ বীর সেপাই হামিদুর রহমান,
অবদান তোমার কখনোই হবে নাকো অম্লান।
বাঘের সাহসে ছেলেরা সদা বাঁচাবেই মায়ের মান,
ঝেঁটিয়ে তাড়াবে মিথ্যুক যত; যত পুরনো শয়তান।
আমরা বাংলা মায়ের দুঃসাহসী ছেলে,
অন্তরেতে আছে মোদের মুক্তি প্রদীপ জ্বেলে।
প্রলয় তুফান আসুক যত সবুজ মায়ের বুকে,
যুগে যুগে বীরশ্রেষ্ঠরা জন্মাবে হাসিমুখে।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



