আমার দাদী একদিন সকালে ঘুম থেকে উঠে বললেন, ও ভাই, ভাই, হাটেরতন একটা ম্যাক্সি আন, ম্যাক্সি'।
আমি অবাক হয়ে বললাম, ম্যাক্সি দিয়া কি করবেন বু? (আমরা দাদী কে বু বলতাম)
বু বললেন, 'পেটটা ভালো না। হজমে গণ্ডগোল। একটা ম্যাক্সি খাইলে ভালো লাগতো মনে হয়'।
আমি হতভম্ব হয়ে বু'র দিকে তাকিয়ে রইলাম, 'কি বলেন এইসব!!'
অনেক চেষ্টা চরিত্র শেষে তিনি আমাকে বোঝাতে সমর্থ হন যে 'তিনি আসলে ম্যাক্সি না, পেপসি আনতে বলছেন'!
---------------
ছোট বেলায় রেডিওতে নানান বিজ্ঞাপন শুনতাম। তার মধ্যে একটা ছিল হক ব্যাটারির বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনে চমৎকার জিঙ্গেল ছিল, জিঙ্গেলের কথা গুলো একটু অদ্ভুত, 'হক ব্যাটারি, হক ব্যাটারি, শাকসবজি বেশী...'
আমি অবাক হয়ে ভাবতাম, বাবারে! কি আচানক ব্যাপার। ব্যাটারিতেও শাকসবজি!'
পরে অবশ্য জেনেছিলাম, ওটা শাকসবজি না, ওটা, সাত শ' ছিয়াশি...
হক ব্যাটারি সাত শ' ছিয়াশি!
----------------------
আমাদের গ্রামের ভাষায় হাতের কুনুই দিয়ে গুঁতা দেওয়াকে 'কেনু' বলা হয়। এটা অনেকটা চড় - থাপ্পর দেয়ার মত একধরনের মাইর। আমার চাচাতো দুলাভাই বাড়িতে বেড়াতে এসেছেন। তার বাড়ী মানিকগঞ্জে। তিনি এই 'কেনু' শব্দের সাথে পরিচিত না।
আমার ছোট বোন কোন এক বিষয় নিয়ে আম্মার কাছে বায়না ধরেছে। আম্মা সেই জিনিস দিচ্ছেন না। সেও নাছোড়বান্দা। আম্মা যেদিকেই যাচ্ছে, সেও যাচ্ছে পেছন পেছন। আর সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে নাকি কান্না কাঁদছে। দুলাভাই খানিকটা অস্থির হয়েই আম্মাকে জিজ্ঞেস করলেন, 'কাকীমা, ও কান্দে ক্যান? কি হইছে?'
আম্মা ত্যাক্ত বিরক্ত হয়ে জবাব দিলেন, 'কান্দে কি আর সাধে? কেনু খাইবের লাইগ্যা কান্দে। একটু কেনু দিলেই কান্দন বন্ধ হইয়া যাইব'।
দুলাভাই হন্তদন্ত হয়ে আপার কাছে গিয়ে বলল, 'কই দেখি, আমার মানিব্যাগটা দাও দেখি'।
আপা বললেন, 'এখন আবার কই যাও?'
দুলাভাই গায়ে শার্ট চড়াতে চড়াতে বললেন, 'পিচ্চিটা তখন থেইকা কেনু খাওনের জন্য কাকীর লগে কানতেছে। কাকীর কাছে মনে হয় টাকা নাই। যাই, বাজার থেইকা ওর জন্য কেনু নিয়া আসি'।
আপা হতভম্ব হয়ে দুলাভাইর দিকে তাকিয়ে রইলেন। দুলাভাই ঘর থেকে তাড়াহুড়া করে বেড়িয়ে যাওয়ার সাথেসাথেই আবার ফিরে এলেন। তারপর সিরিয়াস মুখে জিজ্ঞেস করলেন, 'আচ্ছা, কেনু জিনিসটা কি? এই দুপুর বেলা বাজারে পাওয়া যাইবোতো!!'
---------------------------------------
এক ছাত্রকে শিক্ষক জিজ্ঞেস করলেন, 'বাংলাদেশের মোট জনসংখ্যা কত?'
ছাত্র জবাব দিল, 'বত্রিশ কোটি'।
শিক্ষক হতভম্ব হয়ে বললেন, 'কি বলস এইগুলা? এই সংখ্যা কই পাইছস?'
ছাত্র নির্বিকারভাবে বলল, 'অংক কইরা'।
- 'মানে?'
- 'মানে খুব সহজ। আওয়ামীলীগ বলে দেশের ষোল কোটি জনগণ নাকি তাদের পক্ষে, আবার বিএনপি বলে দেশের ষোল কোটি জনগণ তাদের পক্ষে। তাইলে মোট জনসংখ্যা কত হইল?'
-------------------------------------
পরিশিষ্টঃ
- আপনার কি ধারনা, আপনি যা বলতে চান তা ঠিকমতো বুঝিয়ে বলতে পারেন?
- অন্যরা যা বলে তা কি আপনি সঠিকভাবে বুঝতে পারেন?
তাহলে, সরকার এবং বিরোধী দল যা বলছে, আপনি কি তা বুঝতে পারছেন?
কিংবা, আপনি কি বলতে চাচ্ছেন, সরকার বা বিরোধী দল কি তা বুঝতে পারছে?
খানিক আগে শাহবাগ শিশু পার্কের সামনে চলন্ত বাসের ভেতর নাকি বোমা বিস্ফোরিত হয়েছে। ১৭ জন 'জনগণ' অগ্নিদগ্ধ হয়েছে। এই অগ্নিদগ্ধতার ভাষা কি?
সরকার এবং বিরোধী দল সম্ভবত বুঝতে পারছে না। আমাদের অগ্নিদগ্ধ কাতরানির ভাষা ওনারা বোঝেন না।
কিন্তু, আপনি কিংবা আমি কি পারছি?
নাকি আপনি-আমিও ওই ষোল দু'গুণে বত্রিশ কোটি 'জনগণে'র একজন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


