গেছি এক খালার বাসায়। কারেন্ট নাই।
দেখি খালায় ড্রইং রুমে মোমের আলোতে শাক কুটছে।
আমি খালাতো ভাই'র রুমে গিয়ে বসলাম, সাথে সাথে কারেন্ট আসলো। কিন্তু খালাতো ভাই রাতুল নাই। ওই রুম থেকে ড্রইং রুম দেখা যায় না। আমি সেখান থেকেই খালাকে ডাকলাম, 'ও খালা?'
খালা ড্রইং রুম থেকে জবাব দিলেন, 'হু'
-'রাতুল কই?'
- 'হু'
- হু কি?
- হু
- ওই, কি হইছে তোমার, হু হু করতেছো ক্যান?
- উ?
মেজাজ গেলো খিচড়ে। আমি দৌড়াই ড্রইং রুমে এসে দেখি খালার বটির নিচে কাটা শাক পড়ে আছে। সবুজ শাকের উপর ফোটা ফোটা লাল রক্ত। খালা তার কাটা আঙ্গুল অন্য হাত দিয়ে চেপে ধরে হা করে তাকাই আছেন টিভি স্ক্রিনের দিকে। পড়েনা চোখের পলক টাইপ অবস্থা! আমি বললাম, 'ও খালা?'
খালা বলল, 'উ?'
আমি বললাম, 'তোমার হাত কাটল ক্যামনে?
খালা বলল, হু?
আমি বললাম, ও খালা, এই দিকে দেখো? এই নাও স্যাভলন
খালা একমুহূর্তের জন্য টিভি স্ক্রিন থেকে চোখ সরালো না। শুধু বলল, 'উ? হু।'
আমি বললাম, 'উ হু কি? উ হু কি? এই সব কি শুরু করছ তুমি?
সাথে সাথেই শুনি টিভি থেকে মিহি সুরে আওয়াজ আসতেছে, 'জীবন মানেই জী বাংলা...'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




