রবীন্দ্রনাথ 'কী ছিলেন' এর চেয়ে বরং জিজ্ঞেস করা ভালো 'তিনি কী ছিলেন না'। তবে সকল কীর্তি ছাপিয়ে আমার চেতনার রবীন্দ্রনাথ হলেন এক অদ্বিতীয় শক্তিমান গীতিকার ও প্রাণপ্রাচুর্যে উচ্ছল সুরস্রষ্টা। পৃথিবীতে এ মাপের সুরকার আর ছিলেন কিংবা আছেন কি না, বলতে পারি নে। আমার নিভৃত মুহূর্তগুলো রবীন্দ্রসঙ্গীতের অন্তর্প্লাবী মূর্ছনার সঙ্গে লীন হয়ে যায়, আমার ব্যস্ত প্রহর কোথায় উবে যায় টের পাই না, সে কেবল যন্ত্রস্থ নয় -- বেজে চলে মাথার ভেতর অনুখন... 'আমার পরান যাহা চায়', 'আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তায় সকল খানে', 'দিনগুলি মোর সোনার খাঁচায় রইলো না', 'অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ'.... কতো গান, কী আশ্চর্য আকুলতা, বিচিত্র বৈভব, শুনতে শুনতে মনে হয় চোখের সমুখ দিয়ে বয়ে যাচ্ছে মহাজীবন, অবলীলায়... আমি তাকিয়ে আছি, আমি শুধুই দেখছি তন্ময় হয়ে, দেখতে দেখতে বেঁচে আছি হাজার বছর ধরে, বেঁচে থাকতে থাকতে কেবলই পরিণত হয়ে উঠছি, জেনে ফেলছি যুগান্তরের সঞ্চয়, কিন্তু কী সেটা, খুব স্পষ্ট জানি নে, এমনই বিমুগ্ধ আচ্ছন্নতা, এমন অপার্থিব আলোয় উদ্ভাসিত এক রহস্যজগতে আমাকে টেনে নিয়ে যান রবীন্দ্রনাথ, অতঃপর... দিগন্তবিস্তারী গোধূলির রং শুধু, আর তারই ভেতর হারিয়ে যাওয়া প্রগাঢ় মুগ্ধতায়....
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


