ঠিক এক মাস পর আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বড় দুই দল যারা পালাক্রমে শাসন করে আসছে দেশটি— সেই ডেমোক্রেটিক আর রিপাবলিকান দলের প্রার্থী চূড়ান্ত হয়েছে কয়েক মাস আগে। বর্তমান প্রেসিডেন্ট হিসেবে লড়ছেন ডেমোক্র্যাট ওবামা ও রিপাবলিকানদের পক্ষে মিট রমনি। প্রচারণাও এখন তুঙ্গে, জমজমাট আর আক্রমণ-প্রতিআক্রমণের শানানো বিবৃতিতে। গোটা আমেরিকা এখন দুই শিবিরে বিভক্ত, নীল আর লালে।
মনোনয়নের বেশকিছু ধাপ পেরিয়ে তবেই মেলে প্রেসিডেন্ট পদে লড়াই করার সুযোগ। প্রতি ধাপ উত্তরণে প্রয়োজন পড়ে প্রচারণার। এ কাজের যেমন বাণিজ্যিক দিক আছে, তেমনি রয়েছে সৃজনশীল দিকও। গত শতকের ত্রিশের দশক থেকেই যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণা প্রাতিষ্ঠানিক আকার নিতে ধারণ করে। এ প্রতিষ্ঠানগুলোর হাতেই প্রভাবিত হয় বিভিন্ন রাজ্যের প্রাথমিক নির্বাচন, গণভোটের মতো বিষয় থেকে শুরু করে মূল নির্বাচন পর্যন্ত।
গত নির্বাচনে ওবামা জয়ী হওয়ার পেছনে প্রচারণা প্রতিষ্ঠানের দারুণ ভূমিকা ছিল বলে সবাই এক বাক্যে মেনে নিয়েছিলেন। রিপাবলিকান শাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এবং যুক্তরাষ্ট্রের প্রথম কৃষাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচনে জনগণকে প্রভাবিত করতে দারুণ সব প্রচারণা কৌশল নিয়ে মাঠে নামে ওবামাশিবির। দারুণ এক পে-অফ লাইন উদ্ভাবন করেছিল তারা। ‘চেঞ্জ, উই ক্যান বিলিভ ইন’ ছিল পরিবর্তনের পক্ষে সবচেয়ে জোরালো আহ্বান। যদিও দুই মেয়াদে শাসন করা রিপাবলিকান প্রার্থী জর্জ বুশের বিরুদ্ধে ক্ষোভ ছিল মানুষের। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল, মন্দা উঁকি দিচ্ছিল যুক্তরাষ্ট্রের দরজায়।
বিশ্বখ্যাত ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকে এ বছরের রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে কয়েক সপ্তাহ আগে তার পরিষদ বাছাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি জানিয়ে দিয়েছেন বিষয়টি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকিনসে যাচাই করবে। রমনির এ উত্তর থেকে সত্যটা বেরিয়ে এসেছে। নির্বাচনে প্রচারণা প্রতিষ্ঠানের ভূমিকা যে কতটুকু, তাদের ওপর প্রার্থীদের নির্ভরশীলতাও যে কী পরিমাণ তা রমনি জানিয়ে দিয়েছেন। কিন্তু ঠিক কখন থেকে যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রচারণা প্রতিষ্ঠানগুলো জড়িত হতে শুরু করেছিল? এ জন্য পেছনে যেতে হবে অন্তত আট দশক।
শুরু করেছিলেন আপটন সিনক্লেয়ার। ৪৭টি বইয়ের লেখক সিনক্লেয়ার ১৯৩৪ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত হন। অথচ তার আগের বছরই নিজের প্রচারণার জন্য লেখেন ‘আমি ক্যালিফোর্নিয়ার গভর্নর’ নামে একটি বই। ৫৪ পাতার বইটি প্রকাশের মাত্র ৪ মাসের মাথায় দেড় লাখ কপি বিক্রি হয়। ক্যালিফোর্নিয়ার দারিদ্র্য দূর করতে বিশেষ ভূমিকা রেখেছিলেন তিনি। এক মেয়াদেই এ অঞ্চলের দরিদ্র মানুষের সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনেন। এ জন্য যে প্রচারাভিযান হাতে নিয়েছিলেন তিনি তা পরিচিতি পায় ‘এপিক’ নামে। এপিকের পূর্ণ রূপ: এন্ড পোভার্টি ইন ক্যালিফোর্নিয়া। তার এ প্রচারাভিযান সত্যিই এক মহাকাব্যের (এপিক) জন্ম দেয়। ১৯৩৮ সাল নাগাদ অঙ্গরাজ্যটির দারিদ্র্য উল্লেখযোগ্য হারে কমে আসে।
১৯৩৪ সালের গভর্নর নির্বাচনের সময় যা যা ঘটেছিল তা নিয়েও লিখেছিলেন সিনক্লেয়ার। প্রবন্ধগুলোর নাম ছিল ‘আই, ক্যান্ডিডেট ফর গভর্নর এবং হাউ আই গট লিকড।’ ৫০টি খবরের কাগজে দৈনিক কিস্তি হিসেবে প্রকাশিত হয় এগুলো। প্রচারাভিযান-সংশ্লিষ্টরা তাকে নিয়ে বিস্তর গবেষণাও করেন। বিরোধীরা তার নামে প্রচারণা চালাতে যে উদ্যোগ নেয়, সেটাকে ‘লাই ফ্যাক্টরি’ আখ্যা দেন সিনক্লেয়ার। তার ভাষায়, ‘আমি শুনেছি কয়েক ডজন লোক লাইব্রেরিতে গিয়ে আমার সব লেখা নিয়ে গবেষণা করছে।’ নির্বাচন প্রচারাভিযানে এভাবেই শুরু হয় নতুন যুগের। সিনক্লেয়ারের বিরোধীদের উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় ‘ক্যাম্পেইন ইনকরপোরেটেড’ নামে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রাতিষ্ঠানিক প্রচারাভিযানের যাত্রা এদের হাত ধরেই। হালের অনেক প্রচারণা ও ব্যবস্থাপনা সংস্থার অগ্রদূত ক্যাম্পেইন ইনকরপোরেটেড।
বিশ্বের প্রথম রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যাম্পেইন ইনকরপোরেটেডের যাত্রা ১৯৩৩ সালে। শুরু করেন ক্লেম হুইটেকার ও লিয়ন ব্যাক্সটার। হুইটার ছিলেন সংবাদকর্মী। একপর্যায়ে খ্যাতনামা ডেমোক্র্যাট শেরিডান ডাউনি নিয়োগ দেন হুইটেকারকে। তার দায়িত্ব ছিল প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিকের পৃষ্ঠপোষকতার একটি গণভোট বানচাল করা। এ কাজে ব্যাক্সটারকেও যুক্ত করেন ডাউনি। গণভোট বানচালের কাজে সফল হয়েছিলেন ক্যাম্পেইন ইনকরপোরেটেডের দুই কর্ণধার। ১৯৩৮ সালে হুইটেকারের দ্বিতীয় স্ত্রী হিসেবে সাত পাকে বাঁধা পড়েন ব্যাক্সটার।
১৯৩৪ সালের নির্বাচনে ডেমোক্রেটের মনোনয়ন পান আপটন সিনক্লেয়ার। রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট) হিসেবে বেছে নেন শেরিডান ডাউনিকে। এ দুই প্রার্থী পরিচিতি পান ‘আপি ও ডাউনি’ নামে। এদিকে রাজনৈতিক প্রচারাভিযানের বাণিজ্যে চতুর হয়ে উঠতে থাকে ক্যাম্পেইন ইনকরপোরেটেড। একপর্যায়ে স্ট্যান্ডার্ড অয়েল ও প্যাসিফিক টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফের পক্ষেও কাজ করে তারা।
কেবল নির্বাচন নয়, যেকোনো প্রচারাভিযানে করপোরেট প্রতিষ্ঠানগুলোর নাম আসবেই। অনেকের ধারণা রাজনৈতিক প্রচারণার এ ব্যবসার জন্ম প্রচলিত বিজ্ঞাপন ব্যবসা থেকেই। রাষ্ট্রবিজ্ঞানী স্ট্যানলি কেলি ব্যাখ্যা বলেন, আধুুনিক বিজ্ঞাপন ব্যবসার শুরু থেকে বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক এজেন্ডাকে বাণিজ্যিকীকরণের চেষ্টা করে আসছে। একই ধারণা পোষণ করতেন সিনক্লেয়ারও। তার মতে, আমেরিকার ইতিহাস ব্যবসা ও গণতন্ত্রের মধ্যে ছোটখাটো যুদ্ধের ইতিহাস।
ক্যালিফোর্নিয়ার অধিকাংশ রিপাবলিকানের মতোই সিনক্লেয়ারকে গভর্নরের অফিসে দেখতে অনিচ্ছুক ছিলেন হুইটেকার ও ব্যাক্সটার। কাজেই সিনক্লেয়ারকে ঠেকাতে তারা উঠেপড়ে লাগলেন। নির্বাচনের দুই মাস আগে তাদের দ্বারস্থ হন রিপাবলিকান প্রার্থী জর্জ হ্যাটফিল্ড। উদ্দেশ্য সিনক্লেয়ার দর্শনের ব্যবচ্ছেদ করতে হবে। সিনক্লেয়ারের দর্শন নিয়ে টানা তিন দিন গবেষণা করে তারা। বিষয়টি নিয়ে হুইটেকার পরে একসময় মন্তব্য করেন, ‘আপটনকে টলানো গিয়েছিল, কারণ সে তার লেখনীতেই সব গোমর ফাঁস করে দিয়েছে।’
গত শতকের মাঝামাঝি সময়েই রাজনীতির চালিকাশক্তি ছিল পরামর্শক প্রতিষ্ঠানগুলো। তারাই দখল করে নেয় দলের হর্তা-কর্তাদের জায়গা। ভোটের নিয়ন্ত্রণ নেয় অর্থ। হুইটেকার ও ব্যাক্সটারই রাজনীতিকে ব্যবসায় পরিণত করার ক্ষেত্রে পথিকৃতের ভূমিকায় নামেন। তাদের কাছ থেকেই অনুসারী প্রতিষ্ঠানগুলো মন্ত্র পায়। যা ছিল, ‘একেকজন ভোটার, একেকজন ক্রেতা।’
ক্যাম্পেইন ইনকরপোরেটেড ফুলে-ফেঁপে বিশাল প্রতিষ্ঠানে আকার নেয়। বক্তব্য লিখে দেয়া, বিজ্ঞাপন নির্মাণসহ আরও কত কাজ। পরামর্শকরা কেবল প্রচারাভিযানই চালায় না, চালকের আসনেও থাকে তারা। ১৯৩৩ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী ছিল ক্যাম্পেইন ইনকরপোরেটেড। এ সময় ৭৫টি প্রচারণায় অংশ নেয় তারা। সফল হয় ৭০টিতেই।
১৯৪২ সালে রিপাবলিকানদের ছত্রচ্ছায়ায় ক্যালিফোর্নিয়ার স্টেটস অ্যাটর্নি জেনারেল আর্ল ওয়ারেন প্রচারাভিযানের জন্য হুইটেকার ও ব্যাক্সটারের সহায়তা চান। উদ্দেশ্য ছিল ক্যালিফোর্নিয়ার গভর্নর ওলসনকে হটানো। প্রচারাভিযানে ক্যাম্পেইন ইনকরপোরেটেড প্রায় ১ কোটি লিফলেট প্রকাশ করে। ৫০ হাজার চিঠি পাঠায় গুরুত্বপূর্ণ দফতর ও সংস্থায়। ৭০০-এর বেশি কাগজে ৭০ হাজার ইঞ্চি বিজ্ঞাপন দেয়। ১৬০টি থিয়েটারে ট্রেইলার ও ১০০টির বেশি বড় বিলবোর্ড বসায় তারা। ১৯৪০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তারা রিপাবলিকান প্রার্থী ওয়েন্ডেল উইলকিসের পক্ষে প্রচারণায় নামে। দর্শকদের উপস্থিতিতে ডেমোক্রেট প্রার্থীকে কীভাবে সামলাতে হবে সে দীক্ষাও দেন। এতে ‘ডেমোক্রেট দল’ না বলে সরাসরি প্রতিদ্বন্দ্বীর নাম ধরে বক্তব্য দেয়ার পরামর্শ দেয়া হয়।
নিখুঁতভাবেই কাজ চালিয়ে আসছিলেন হুইটেকার ও ব্যাক্সটার। নিজেদের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করতেন। এ বছর হুইটেকার প্রেসিডেন্ট ও ব্যাক্সটার ভাইস প্রেসিডেন্ট হলে পরের বছরই দায়িত্বে অদল-বদল। এমনই সমঝোতা ছিল তাদের মধ্যে। প্রচুর অর্থকড়িও কামাতে থাকেন তারা। ক্লেম হুইটেকার অ্যাডভার্টাইজিং এজেন্সি নামে এ দম্পতির একটি বিজ্ঞাপনী সংস্থাও ছিল। বিজ্ঞাপনপ্রতি ১৫ শতাংশ কমিশন নিতেন। আর ক্যালিফোর্নিয়া ফিচার সার্ভিস নামে ছিল একটি সংবাদ সংস্থা।
প্রচারাভিযানের জন্য প্রতিষ্ঠানটি কেবল নিজস্ব কৌশলই অবলম্বন করত তা নয়। কিছু নীতিও সবসময় মেনে চলত। এর মধ্যে রয়েছে ‘কখনো লবিং কর না, বরং ভোটারকে দলে টানো’ টাইপের নীতি। এ ব্যাপারে ব্যাক্সটারের ব্যাখ্যা ছিল ‘আমাদের কাছে বাস্তবিক রাজনীতির ধারণা হচ্ছে, যদি ভোটারদের সহজেই দলে টানার সুযোগ থাকে, তবে সিনেটরদের কাছে ধরনা দেয়ার প্রয়োজন নেই।’ বিপরীত পক্ষকে ছোট করে না দেখার নিয়মও মানতেন তারা। কোনো একটা প্রচারাভিযান শুরুর আগে তারা হঠাৎ করে সপ্তাহখানেকের জন্য নীরব হয়ে যেতেন। সময়টা কাটত পরিকল্পনার ছক তৈরিতে। প্রত্যেক প্রচারাভিযানের জন্য দরকার একটি নির্দিষ্ট থিম, যা হবে সংক্ষিপ্ত ও ছন্দময়। প্রচারাভিযানে কোনো কিছুর খুঁটিনাটি প্রকাশ করতেন না তারা। হুইটেকারের মতে, ‘আপনাকে যত বেশি জিনিসের ব্যাখ্যা দিতে হবে, কারও সমর্থন পেতে তত বেশি ঝামেলা পোহাতে হবে। গড়পড়তা আমেরিকানরা শিখতে চায় না। নিজের চিন্তাভাবনারও পরিবর্তন চায় না। সচেতনভাবে কাজেও আগ্রহ নেই।’ এ জন্য হুইটেকার পরামর্শ দিলেন, ‘তাদের প্রচারাভিযানে আগ্রহী করে তুলতে হলে দুটি উপায় আছে। হয় তাদের দ্বন্দ্বে জড়ানো অথবা আমোদ-প্রমোদের ব্যবস্থা করে দেয়া। এরা পছন্দ করে সিনেমা, রহস্য বা আতশবাজির ফোয়ারার মতো হইহুল্লড়। কোনো জিনিসের মজা পাইয়ে দিলে পরে তারা আগ্রহী হয়ে ওঠে।’
১৯৪২ সালে আর্ল ওয়ারেনকে ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে জেতাতে দারুণ ফন্দি আটেন হুইটেকার। ওয়ারেন ছিলেন কাঠখোট্টা টাইপের লোক। নারী ভোটারদের আকৃষ্ট করতে বিদঘুটে প্রস্তাব দিলেন ব্যাক্সটার। ওয়ারেন, তার স্ত্রী নিনা ও ছয় সন্তানকে নিয়ে পারিবারিক ছবি তুলে তা প্রচার করলেন। ছবিটির ৩০ লাখ কপি ছাপিয়ে বিলি করা হল। নিনা নিমরাজি হলেও মেনে নিয়েছিলেন। ব্যাক্সটারের মতে, ‘ছবিতে পরিবারটিকে সাউন্ড অব মিউজিক সিনেমার সদস্যদের মতো দেখাচ্ছিল।’
নির্বাচনের ৩০ দিন আগে হুইটেকার ও ব্যাক্সটার ৪০০ খবরের কাগজে ও ৫০০ বিলবোর্ডে বিজ্ঞাপন প্রচার করলেন। প্রতিদ্বন্দ্বী ওলসনের অর্থনৈতিক নীতিমালা নিয়ে কটাক্ষ করলেন। ওয়ারেনের পক্ষের বক্তাদের জন্যও নিয়ম-কানুন তৈরি করে দিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য— ১৫ মিনিটের বেশি বক্তৃতা না করা। লম্বা কথা মানুষকে বিরক্ত করে। প্রয়োজন হলে সর্বোচ্চ ৩০ মিনিট। কখনই, কোনোভাবে এর বেশি নয়।
নির্বাচনের একেবারে আগ মুহূর্তে ওয়ারেনের অনুমতি ছাড়াই তারা সংবাদপত্রে বিজ্ঞপ্তি পাঠান। বিষয়টিতে ক্ষুব্ধ হন ওয়ারেন। হুইটেকার-ব্যাক্সটারও তাকে মাফ করেননি। ভবিষ্যতে তার পথের কাঁটা হয়ে দাঁড়ান তারা। আর্ল ওয়ারেন তার রাজনৈতিক জীবন শুরু করেন এক প্রচণ্ড রক্ষণশীল হিসেবে। কিন্তু শেষ পর্যন্ত তার পরিচয় হয়ে ওঠে আমেরিকার ইতিহাসের সবচেয়ে অপছন্দের উদার রাজনীতিবিদ হিসেবে। তার এ নাটকীয় পরিবর্তনের পেছনে কারা দায়ী? সহজ উত্তর হুইটেকার-ব্যাক্সটার।
এদিকে ১৯৪৪ সালের শরতে কিডনি প্রদাহে আক্রান্ত হন ওয়ারেন। ফলে তিনি আমেরিকার চিকিত্সা ব্যয় নিয়ে চিন্তিত হয়ে পড়েন। এ জন্য চিকিত্সা ব্যয় নির্বাহের জন্য সরকারিভাবে স্বাস্থ্যবীমা চালুর উদ্যোগ নিলেন। ‘সোস্যাল সিকিউরিটি সিস্টেম’ নামে একটি উদ্যোগ নেয়া হলো। এর আওতাভুক্তরা তাদের মাসিক আয়ের দেড় শতাংশ এ ফান্ডে জমা দেবেন বলে সিদ্ধান্ত নেয়া হলো। ক্যালিফোর্নিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর ওয়ারেন ভাবলেন ডাক্তাররা তার বিরোধিতা করবেন না। কিন্তু ওয়ারেনের প্রস্তাবটি ঠেকাতে ক্যালিফোর্নিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন হুইটেকার-ব্যাক্সটারের শরণাপন্ন হলো। তাদের সঙ্গে বার্ষিক ২৫ হাজার ডলারের চুক্তি হয় সংস্থাটির। তারা ক্যালিফোর্নিয়াবাসীকে ব্যক্তিগত বীমার ব্যাপারে উত্সাহী করতে লাগলেন। এ জন্য বিশাল পরিসরে প্রচারণাও শুরু করেন। ‘ভলান্টারি হেলথ ইন্স্যুরেন্স উইক’ নামে ৪০০-এর বেশি খবরের কাগজে ৪০ হাজার ইঞ্চির বেশি বিজ্ঞাপন প্রচার করেন। এ প্রচারণায় অন্তর্ভুক্ত করা হয় ক্যালিফোর্নিয়ার ৫৮টির মধ্যে ৫৩টি কাউন্টি। সেসব জায়গায় ৯ হাজার ডাক্তারকে লিখিত বক্তব্য পাঠান। এ প্রচারাভিযানের স্লোগানও তৈরি করা হলো ‘রাজনৈতিক ওষুধ খারাপ ওষুধ।’
হুইটেকার-ব্যাক্সটার খবরের কাগজের সম্পাদকের সঙ্গে লবিং চালিয়ে যেতে থাকেন। হুইটেকারের পক্ষে বিভিন্ন পত্রিকায় ৫০০-এর বেশি লোক সম্পাদকদের মানসিকতা পরিবর্তনের জন্য কাজ করেন। এসব পত্রিকার অধিকাংশই ক্যাম্পেইন ইনকরপোরেটেডের কাছ থেকে বিজ্ঞাপন পেত। হুইটেকার-ব্যাক্সটারের ক্যালিফোর্নিয়া ফিচার সার্ভিস থেকে বিনা মূল্যে নিবন্ধনও পেত। ৩ বছরের মধ্যেই বাধ্যতামূলক স্বাস্থ্যবীমার বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি হয়। বিপক্ষে অবস্থান নেয়া খবরের কাগজের সংখ্যা ১০০ থেকে বেড়ে দাঁড়ায় ৪৩২টিতে। ‘পলিটিক্যালি কনট্রোলড মেডিসিন’ নামে একটি লিফলেটের ২৫ লাখ কপি প্রচার করা হয়। পোস্ট কার্ড ছাপিয়ে তা বিলিও করা হয়। এতে লেখা ছিল:
সিনেটর,
অনুগ্রহ করে বাধ্যতামূলক স্বাস্থ্যবীমার বিরুদ্ধে ভোট দিন। আমরা সরকারি ডাক্তারের কাছে যাই কি না, তার কোনো নিশ্চয়তা নেই। কাজেই আমরা এ জন্য অর্থ ব্যয় করতে চাই না। এ-জাতীয় প্রচলনের শুরুটা হয়েছিল জার্মানিতে।
এদিকে দিন দিন পরিবর্তন আসতে থাকে প্রচার মাধ্যমে। ১৯৫২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মতো টেলিভিশন ব্যবহার করা হয়। দ্রুতই টেলিভিশনের ব্যবহার বাড়তে থাকে। ১৯৪৮ সালে ৩ শতাংশেরও কম মার্কিনের ঘরে টিভি ছিল। অথচ ১৯৫২ সাল নাগাদ এর পরিমাণ ৫০ শতাংশে এসে দাঁড়ায়। সে সময় রিপাবলিকানরা টিভি মারফত ক্যাম্পেইনের জন্য ১৫ লাখ ডলার খরচ করে। ডেমোক্র্যাটরা খরচ করে মাত্র ৭৭ হাজার ডলার। রিপাবলিকান আইজেনহাওয়ারের পক্ষে বিজ্ঞাপন প্রচার করা হয়। রেকর্ডিং যন্ত্রপাতির সঙ্গে পরিচিত ছিলেন না তিনি। একদিন মজার ঘটনা ঘটালেন। মাইক্রোফোনের ব্যাপার-স্যাপার বুঝতেন না তিনি। একবার চালু অবস্থায় মাইক্রোফোনের সামনে বলে বসলেন ‘এ জিনিস কীভাবে কাজ করে?’ অবশ্য অল্প দিনের মধ্যেই অভ্যস্ত হয়ে ওঠেন। ‘আমেরিকার প্রশ্নের উত্তর দিচ্ছেন আইজেনহাওয়ার’ নামে একটি অনুষ্ঠান দেখানো হতো টিভিতে। এতে এক কৃষ্ণাঙ্গ যুবক আইজেনহাওয়ারকে প্রশ্ন করেন, ‘জেনারেল, ডেমোক্র্যাটরা দাবি করছে যে, সবকিছুই তো ঠিকভাবেই চলছে।’ উত্তরে আইজেনহাওয়ার বলেন, ‘আসলেই কি তাই? ঋণের শিকলে আটকে আছে আমেরিকা, জিনিসপাতির দাম দ্বিগুণ, কোরিয়ার সঙ্গে যুদ্ধ চলছে। তার পরও সব ঠিক আছে?’
১৯৫৬ সালে রিপাবলিকান দলের প্রার্থী মনোনয়ন কনভেনশনের জনসংযোগের কাজ করে ক্যাম্পেইন ইনকরপোরেটেড। সে সময় প্রতিষ্ঠানটি সিনেটের বিশেষ কমিটির তদন্তের মুখে পড়ে। তাদের রাজনৈতিক কার্যক্রম, লবিং ও ক্যাম্পেইন নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। হুইটেকার পরিষ্কারভাবেই জানিয়ে দেন, তাদের কোনো নীতিমালায় আসার বাধ্যবাধকতা নেই।
১৯৫৮ সালে হুইটেকারের প্রথম ঘরের সন্তান ক্লেম হুইটেকার জুনিয়র ক্যাম্পেইন ইনকরপোরেটেডের দায়িত্ব নেন। আরও আংশীদার যোগ হয় প্রতিষ্ঠানটিতে। ১৯৬০ সালে তারা নিক্সনের প্রচারাভিযানে নামেন। মূল প্রতিদ্বন্দ্বিতায় হারলেও ক্যালিফোর্নিয়ায় জিতেছিলেন নিক্সন।
১৯৬১ সালে মারা যান ক্লেম হুইটেকার। এর চার বছর পর ক্যালিফোর্নিয়ার গভর্নর হওয়ার রেসে নামেন রোনাল্ড রিগ্যান। তিনি সহায়তা নেন স্পেন্সার-রবার্টসের প্রচারণা প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানটি তাদের কাজে হুইটেকার-ব্যাক্সটারের মডেল অনুসরণ করে। ১৯৬৬ সালে স্পেন্সার-রবার্টসের প্রতিষ্ঠাতা স্টুয়ার্ট স্পেন্সারকে রিগ্যান বলেন, ‘তুমি জানো স্টু, রাজনীতির ব্যবসা শোবিজনেসের মতোই। আড়ম্বরে শুরু, কিছু দিন ছোটাছুটি, তার পরই সব শেষ।’
১৯৬৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে নিক্সনের পক্ষে প্রচারণায় নামে জে ওয়াল্টার থমসন নামে একটি প্রতিষ্ঠান। তারা বিরোধী দলের সব ধরনের টিভি রেকর্ড নিয়ে গবেষণা করেই মাঠে নামে। নিক্সনের টিভি উপদেষ্টা ছিলেন রজার এইইলস। তিনিই এখন ফক্স নিউজের প্রেসিডেন্ট।
আবারও আসা যাক হুইটেকার-ব্যাক্সটারের কথায়। ক্লেম হুইটেকারের মৃত্যুর পর এককভাবে হুইটেকার অ্যান্ড ব্যাক্সটার ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান চালাতেন লিয়ন ব্যাক্সটার। তার ৯৫ বছর বয়সের দীর্ঘ জীবনের অবসান হয় ২০০১ সালে। শেষ বয়সে আর গণমাধ্যমের মুখোমুখি হননি তিনি। অনেক আগেই তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল ‘আপনারা যে কৌশলে কাজ করেছেন, সেগুলো কি এখনো কার্যকর? নাকি পরিবর্তন করতে হবে?’ উত্তরে ব্যাক্সটার বলেছিলেন, ‘মৌলিক বিষয়গুলো একই আছে, কৌশলও একই, এখন টেলিভিশনের ব্যবহার বেড়েছে। তবে রাজনৈতিক দর্শন একচুলও নড়েনি। অনেক বিষয়ে পরিবর্তন এলেও দর্শন একই রয়েছে।’ আরেক প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘রাজনৈতিক গণসংযোগের জন্য সাধারণ মানুষের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে হয়। যারা এ কাজ করেন, তাদের কাছে যথেষ্ট ক্ষমতা থাকে। কাজেই আমি মনে করি, পারিপার্শ্বিক ব্যাপারে সচেতন মানুষদেরই এ কাজে নামা উচিত। অবিবেচক কারও হাতে এ ধরনের দায়িত্ব এলে পরিণতি হতে পারে ভয়াবহ।’
সাইফ খোন্দকার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





