জাকজমকের শহর দুবাইয়ের বিনোদনে এবার নতুন মাত্রা যুক্ত হতে যাচ্ছে। সেখানে ১ হাজার কোটি দিরহাম বিনিয়োগে একটি বিনোদন কমপ্লেক্স নির্মান করা হচ্ছে। কমপ্লেক্সটিতে সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যের ৫ টি থিম পার্ক থাকবে। গত সোমবার দুবাইর আকর্ষণে এ নতুন সংযোজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
দুবাই শহরের শাসক সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শাইখ মোহাম্মাদ বিন রাশিদ আল মাকতুম বিনোদন কমপ্লেক্স নির্মানে সম্মতি দিয়েছেন। এটি নির্মান করবে মিরাস হোল্ডিংস।
দুবাইয়ের জাবাল আলিতে কমপ্লেক্সটি নির্মান করা হবে। থিম পার্কগুলো তৈরি হবে বিখ্যাত সিনেমা, জীব জন্তু ও মজার চরিত্রের আবহ নিয়ে। আশা করা হচ্ছে দুবাইবাসীর পাশাপাশি সব দেশের পর্যটকই ভিড় করবেন এ কমপ্লেক্সে।
প্রথম পর্যায়ে নির্মাণ করা হবে অ্যাডভেঞ্চার স্টুডিও নামে একটি থিম পার্ক, যার থিম হবে হলিউড। রক্ত হিম করা সব রাইড থাকবে এ পার্কে। তবে সব বয়সীরাই এসব রাইডে চড়তে পারবেন। বলিউড পার্কস নামের অপর পার্কে পাওয়া যাবে হিন্দি সিনেমার আবহ। পার্কটির নামের যথার্থতা প্রমাণে ভারতের শীর্ষস্থানীয় কয়েকটি সিনেমা স্টুডিওর সঙ্গে কাজ করছে মীরাস। নিউইয়র্কের ব্রডওয়ের মত বিশাল থিয়েটারও থাকছে এ পার্কে।
জলজ ও সামুদ্রিক জীবনছবি তুলে ধরতে থাকবে আলাদা একটি পার্ক। এখানে বন্য জীবজন্তুর প্রাণবন্ত কসরত দেখার পাশাপাশি থাকবে ভিন্নধর্মী কিছু রাইড। বিনোদনের মাধ্যমে শিক্ষার অনুষঙ্গও থাকছে এ কমপ্লেক্সে। শিশু কিংবা প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের কথা মাথায় রেখেও কিছু নিদর্শন স্থান পাবে এসব পার্কে।
বিশাল এ স্থাপনার প্রথম পর্যায় উন্মোচনা করা হবে ২০১৪ সালে। এ পার্কের ব্যাপারে মীরাস হোল্ডিংসের চেয়ারম্যান আব্দুল্লাহ আহমাদ মোহাম্মাদ আল হাবাই বলেন, সত্যিকার অর্থেই একটি বিনোদন কেন্দ্র নির্মাণে বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছে মীরাস। কমপ্লেক্সটি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতেও সহায়তা করবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





