আজ প্রচণ্ড গরম পরেছে। আসমত আকাশের দিকে তাকালো। না, মেঘের চিহ্ন নেই। কপালের ঘাম মুছে রিকশার হুড টেনে সিটে পা তুলে বসে। আজ কত ইনকাম হল তা হিসাব করে মনে মনে। নেহাত মন্দ না, ৩৬০ টাকা। রিকশা যেহেতু নিজের তাই পুরো টাকাটাই তার। মুখে একটু হাসি ফুটে আসমতের। আজ আর খ্যাপ না মারলেও চলে। এই ভরদুপুরে যাত্রীও নেই তেমন। চোখ বন্ধ করে ভাবতে থাকে, আজ সন্ধ্যায় সিনেমা দেখবে। শাকিব খানের একটা নতুন ছবি আসছে, সেইরকম।
"এই রিক্সা, যাবে? "
চোখ খুলে আসমত দেখে বৃদ্ধা এক মহিলা,হাতে একটি মাঝারি সাইজের ব্যাগ।
"কই যাবেন?"
"আমায় একটু কমলাপুর স্টেশন পৌছে দিবে বাবা?"
"ভাড়া কিন্তু পঞ্চাশ টাকা। "
"বাবা,আমার কাছে যে শুধু ৩০ টাকা আছে।"
"আইচ্ছা, উঠেন। "
বৃদ্ধাকে দেখে কেন যেন তার মায়ের কথা মনে পড়ে গেল।তাই আর কথা বাড়ায় না ভাড়া নিয়ে। মাথায় গামছাটা বেধে চালাতে শুরু করে রিকশা। কিন্তু চুপ থাকতে পারেনা।
"কই যাবেন আপনে, বাড়ি কই?"
"বাড়ি দিনাজপুর,বাবা। "
"এই টাইম এ তো দিনাজপুরের ট্রেইন নাই, সেই রাইতে।"
"তা জানিনা বাবা, তাহলে বসেই থাকতে হবে।"
"আপনে এখন বাইর হইছেন কেন? টিকেট এ টাইম দেখেন নাই?"
"টিকেট নাই, সাধ করে বাইরে আসিনাই বাবা,উপায় ছিলনা।"
আসমত কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞাসা করে,
"কেন, কি হইছে?"
বৃদ্ধা কান্না চাপতে মুখ আঁচলে চেপে ধরে।
"আমার জন্য ছেলের খুব অসুবিধা হয়। আমি একটা রুম দখল করে রাখি, খাওয়া দাওয়ার খরচ অনেক। তাই ছেলে বলে দিলো, আমি যেন নিজের পথ দেখে নেই।"
" গেরামে কে থাকে আপ্নের?"
"কেউ না। স্বামীর ভিটা আছে, ওখানেই উঠবো। "
আসমত কি বলবে ভেবে পায়না। মানুষ এতো খারাপ হয় যে ভরদুপুরে মাকে ঘর হতে বের করে দেয়!
স্টেশন এর সামনে এসে রিক্সা থামে। বৃদ্ধা ব্যাগ হতে টাকা বের করে দিতে গেলে আসমত বাধা দেয়।
"ভাড়া লাগবো না। আপনার তো টিকিট এর ট্যাকাও নাই। চলেন আমার লগে ভিতরে।"
আসমত বৃদ্ধার ব্যাগ নিয়ে ভিতরে গেল। কাউন্টার হতে দ্রুতযান এর টিকিট কাটলো। আজ আর সিনেমা দেখা হলনা। কিন্তু মনে যে শান্তি পেল টিকিট কেটে, তা সিনেমা দেখে কখনওই পেতো না।
টিকিট কেটে এসে বলল,
"খালা চলেন আমার বাসায়, কাছেই আমার ঘর। রাতে আইসা ট্রেইন এ উঠাইয়া দিমু"
মহিলা কিছু বলার ভাষা খুঁজে পান না। চোখ বেয়ে শুধু পানি পড়ল।
আসমত মহিলাকে নিয়ে রিক্সার প্যাডেল চালালো। আজ তার মন খুব ভাল। একটা ভাল কাজ করতে পারার আনন্দ।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



