জামশেদপুরে বর্ষা / কমল চক্রবর্তী
কতকাল পরে ফের সবাই বসেছে মুখোমুখি
প্লেটে প্লেটে গরম খিচুড়ি চালানি মাছের পেট
এমন নিজস্ব দিন , আহা দীর্ঘ হোক
এমন দিনেই শুধু বন্ধুর জুতোর কাঁটা দাঁতে করে তুলে ফেলা যায়
কাঁধে হাত বলা যায় সীতানাথ , তোমার বিয়ের দিন ট্রেন স্ট্রাইক হলে
মুখেতে লাগাম এঁটে নিয়ে যাবো ছাদনাতলায় ।
আমাদের সবই কম , ভালোবাসা , বেড়াতে যাবার দিন
বয়স বাড়ার আগে শরীরের আঠা
সাইকেলে চাইবাসা ট্যুর , বিনা টিকিটে দূর কটক কোনার্ক
বৌদ্ধযুগের ভাঙ্গা মূর্তির মত
শুধু প্রয়োজনে ছুঁয়ে দেখে বয়সের সীমা
সুশোভন , আজ বৃষ্টি হোক
স্লাগের পাহাড়ে আজ একটাও ট্রলি আসবে না
হুটারের শব্দ হলে , নতজানু চেয়ে নেবো একটা রাত্রির
বৃষ্টি হোক শহর ভাসিয়ে
আমরা সবাই আজ বৃষ্টি মাথায় করে মদ খাবো
পুরনো সাইকেল নিয়ে চাইবাসা বেড়াতে বেরোব ।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৬ ভোর ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



