মুখার্জীরা চিবিয়ে খায় কবিতা ।
মুখার্জীদের মেয়েরা সমস্ত রান্নাতেই ব্যবহার করে
ছোট ছোট পাকা কবিতা , যার শাঁস
শাদা , সুগন্ধিত ও বীচিহীন ।
এইসব কবিতা বহুদূর থেকে ভোরের ট্রেনে
ঝুড়িভর্তি হ'য়ে শহরে আসে ।
টুকরো করার পর কবিতা থেকে যে আঠা বেরোয়
সেই আঠা দিয়ে মোমবাতি বানিয়ে
মুখার্জীরা তাদের খাবার টেবিল আলোকিত করে ।
একবার একটি সাহিত্যসভায় ওরা পেশ করেছিলো
কবিতার বিশুদ্ধ আচার ও রকমারী পাঁপড় ।
আগামী পুজোয় মুখার্জীরা তাদের রান্নাঘরের ছাদে
এক জোড়া দুর্লভ কবিতার চারা লাগাবে ;
মাটির বদলে সেই গাছ লাগাবে তারা নুনের বোতলে ।
প্রত্যেক পূর্ণিমায় সেই গাছ থেকে জন্ম নেবে
পবিত্র একজোড়া পুরুষ ও মাদী কবিতা ।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০০৬ ভোর ৪:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



