মৃত্যু—সুন্দর, সাবলিল এবং মায়াময় এক শহরের নাম
যার প্রতিটি অঙ্গ কারুকার্য আর সত্য অলংকার;
—লেপ্টে আছে গন্তব্যহীন গন্তব্যের শরীরে !
আহা ফুরানোপ্রায় গর্ব আমার
তোমার মুখে করুণা সাঁতরায়
চোখ ভিজে যায় একাকিত্বের ওমে—
দূরবীনে জড়ানো সময় হেসে ওঠে বিন্দাস।
প্রবাহিত সবুজের মতো সুর করে ডেকে যায়
নিষেধ পাখনার আড়ালে;
ভাঁজে ভাঁজে লুকিয়ে যায় নদীর কৃপন বৈঠায়।
বিছানাবন্দি আকাশ—শখের সমুদ্র বিন্যাস
ভেসে যায় নরম ছায়ায়।
যতদূর ঘুম আমার—তারও দূরে অহিবাহিত হও তুমি;
কোহেকাফ তবু নিভে যায় নিজস্ব নিয়মে,
যন্ত্রণার অবুজ সংকেত নেচে ওঠে অন্তহীন গর্তের মুখে।
মৃত্যু, ও আমার স্বতন্ত্র প্রেমিকা
তোমার কিশোরি খোঁপায় ডুবে যাই আমি—
কবুতর মাসে বেঁচে ওঠার লোভে !
তুমি সন্দেহের ফাইল নিয়ে উধাও—
যেন সেইসব পুঁটি মাছের ক্ষুধা নিয়ে আমি এখনো
ফুটে যাচ্ছি বিলে, শাদা চুমুতে লিখিত হয়েছি চুপচাপ;
আবার ধানের মায়ায় ফিরেছি শীতের মসৃন পিঠে।
মৃত্যু, মুখোমুখি হাসো—ছুঁয়ে দিই তোমার থিতানো অহম,
বিস্তৃত হই অসুখের দুর্লভ গ্রীবায়,
ডুবে বাঁচার সুখে হেসে উঠি আরেকবার ।
২৪ আগস্ট ২০২০ খ্রি., ধানমন্ডি, ঢাকা।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



