এ জনমে শুধুু তোমাকেই চাই
নয়ত কালকেই আমি রাজপথের ভিখিরি হব
এই তোমাকে বনলতা সেন ভাবতে ভাবতে
আমার চোখ হয়ে উঠছে জীবনানন্দ দাশ,
একরাশ কবিতার মতো দীঘলকালো এলোকেশে
আমি খুঁজে ফিরি অমাবস্যার অন্ধকার ।
এ জনমে শুধুু তোমাকেই চাই
বিশ্বাস করো একবার চোখের দিকে
মায়ময়তায় তাকাও তুমি,
নয়ত আমি কালকেই ঘরছাড়া হব
নজরুলের মত বিদ্রোহী হব কিংবা
যাযাবরের মত পাড়ি দিব সাতশো তীর্থ।
শুধু তুমি আসলেই
বদলে যাবে ব্রহ্মপুত্র নদের উল্টে যাওয়া
গতিপথের মতো আরো একবার ।
বেঁচে আছি এক নৈসর্গিক বিকেল শেষে
ছায়াপথ ধরে অনন্ত মুহূর্তকাল অস্থিরতা ।
আর তুমি না এলেই
উল্কাপিণ্ড পতনের মতো নির্বাসনে যাব একদিন
চারদিকে রক্তিম আভা ছড়িয়ে বিষণ্ণবদনে
সন্ন্যাসী হতে যাব গহীন পাহাড়ের পাদদেশে
অথবা শ্মশানের পাশে ব্যবসা শুরু করব।
তুমি ফিরে না এলে
আমি খুব শীঘ্র বিজারিত হব
সোডিয়ামের মত একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে
নিয়নের পাশে নিষ্ক্রিয় অবস্থান নেব
বুলেট কিংবা ব্যালট হাতে দাঁড়িয়ে
আকাশসম চিৎকারে কেউ জানবে না কোনদিন,
তুমিহীনতায় আমার কত কষ্ট লাগে ।
তোমাকে নিছক ভয় দেখানোর জন্য বলছি না
অথবা এটা কোন আল্টিমেটামও নয়
সহিংস কোন আন্দোলনেও যাব না বলে রাখছি
যাপিত জীবনে কিছু মানুষ অধিকার পুষে রাখে
আমি পুষে রাখি কিছু প্রেম বুকের মধ্য ভাগে।
শুধু বলছি, তুমি এ জীবনে একবার এসো
নয়ত একবার হারাই যদি তবে
না উত্তরবঙ্গে না দক্ষিণবঙ্গে, না পুর্বে না পশ্চিমে,
হৃদয়ের হিমবাহ ধরে উদ্দেশ্যহীন হাঁটতে গিয়ে
হারিয়ে যাব পাবেনা আমায় আর তোমার দরোজায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


