এখন তোমার হাতে
বুক খোলা পাখি মনে হচ্ছে নিজেকে
অবাক ভারমুক্ত।
বন্ধনে জড়িয়ে কেটেছে এতোগুলোদিন
এপক্ষ-ওপক্ষ আর নিজপক্ষ
কেটে গেছে কত পক্ষকাল
সময় কেটেছে- পক্ষঘাতগ্রস্থ হয়েছি আমিই।
মুক্তপক্ষ তুমি; উজ্বল নির্ভার সোনালী ঈগল
তোমাকে উড়তে দেখা-ই ছিল আনন্দ
ভুলেছিলাম আদিমতম পাপের স্মৃতি
সোনালী ডানায়ও বাসা বাঁধে কালসাপ।
ইচ্ছে-অনিচ্ছায় ছিলাম তোমারই ছায়া
ব্যাধি সংক্রামক; আবছায়াতেও ছড়ায়
তাই কালসাপ ঠুকরেছে আমাকে
খুব সংগোপনে-ছড়িয়ে গেছে বিষ।
অভিমানের পালা এবার গেছে ঘুরে
অভিযোগের পাহাড়ও হাঁটছে পথ
তোমার বুকে আমাদের ছায়া
প্রতিশোধ ভুলে এখন আমরা দুঃখী।
একই অভিযোগ তোমার চোখে
কিভাবে যেন ঘুরে গেছে ছায়াপথ
ঈগলের সোনালী চোখে দুঃখের রঙ
অনুশোচনারও; এ রঙ ভালোবাসার।
আমার সব আগুনভরা দীর্ঘ দীর্ঘশ্বাস
এখন তোমার হাতে।
ইচ্ছে করলেই ধ্বংস করতে পার চরাচর।
দাউ দাউ করে জ্বলবে জগৎসংসার।
পুড়ব আমি, পুড়বে কালসাপ
বিষমন্তর-ফোঁস যত।
অথবা ঈগল, সব ধ্বংস করার আগে
মাথার ওপর একটিবার তাকাও
কদম-কৃষ্ণচুড়ার ফাঁকে প্রিয় আকাশ
সেই নির্লিপ্ত আকাশকে একটিবার দেখ।
অনন্তকাল ধরে তিলে তিলে বেড়ে ওঠা
আকাশ- ঠিক যেন আমাদের ঘরসংসার
একবার ভাবো তো
আকাশটাই যদি কখনো ভেঙে পড়ে?
© সন্দীপন বসু
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




