১। স্মৃতিবর্ষায়
আপাতদৃষ্টিতে এই মনে হয়
সব কথা শেষ
সব ইতিহাস স্তব্ধ হয়ে আছে এখানে
এই বকুল তলে ফুলের ঘ্রাণে
মধুপের গুঞ্জরণে।
মৃদু মলয়ে শিরশির ধ্বনি উঠে
বাঁশ বাগানের কন্ঠে বাজে
পতপত মধুপাতা গান
স্মৃতিবর্ষায় স্নাত হয় মন।
দূরে সব ইউক্যালিপটাস সারি
কানিবক নীড়ে ফেরে
ধীরে বহে তিস্তা
স্তব্দ ইতিহাস মন্থর পায়ে ছুটে চলে
জলের স্রোতে ভাটির পানে
এক অজানা সুরের গানে
জীবন পথের দূর সায়াহ্নে।
যারা ছিল এতদিন তারাও চলে গেছে
অতি সঙ্গোপনে
গোপন ঘরের গোপন কুটুরীতে
মধু যেমন মৌবনে
ওরা গেছে অতীতের কাটা সরিয়ে
ভবিষ্যতের গোলাপ বনে।
২। মৃতপাখি
আমার চোখ যতদূর যায় ধূসর দেখি। প্রাচীন বটবৃক্ষের ছায়া দীর্ঘতর হয়। আরও ঘোরাচ্ছন্ন হয় লোকালয়। যেন কোথাও কেউ নেই। খা খা দুপুর। তপ্ত রোদে জন্মাতে না জন্মাতেই পড়ন্ত বিকেলে নিজের ছায়া দেখে বিভ্রান্ত হই। একটি মৃত ছায়া আঁকা হয় দিনান্তে। দূরে হারিয়ে যায় অসংখ্য ছায়া। অগুনিত অবয়ব। একলা বৃক্ষটির মত একলা অবয়ব দেখে আতকে উঠি। সিনা টানটান করে বায়ুর বুদবুদ টানি। কুলকুচো করি। বুকে ফুঁ দেই। তবু আমাকে টেনে নিয়ে যায় সময়। এ কোল ও কোল করে। অতলে রাখে। আমার ছায়া আমার কায়া কথা বলে অতি সঙ্গোপনে। আমার অন্ত্যেষ্টিক্রিয়ার অপেক্ষায় থাকে ভূতল বাসি। আমি উঠতে চাই না যেতে চাই না বলে সাষ্টাঙ্গে প্রমাদ গুনি। তবু যেতে হবে বলে সে আমাকে আপেল নাশপাতির লোভ দেখায়। নাছোড়বান্দা আমাকে পাজকোলা করে টেনে নিয়ে যায়। সে যে নিয়মের মিস্তিরি নিয়মেই চলে। ছলে বলে আমায় টেনে নিয়ে চলে। পশ্চাতে পরে থাকে আমার মৃতছায়া। মৃত আর্তি। একটা মৃতপাখি ডানা ঝাপটায় ডালে ডালে।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


