১। বিদ্রূপাত্মক উপসংহার
জীবনের শ্রেষ্ঠ কবিতাটি রচনার জন্য
বসে আছি আনমনে খোলা গগনে
চর্তুদিকে জীবনের খেয়াযান
আসে যায় কেউবা মৃদু চোখে চায়।
একমাত্র তোমার চাহনি তির্যক
সেই চাহনিতে পিষ্ঠ হয়ে
আমার কবিতা খেই হারিয়ে
ধেই ধেই করে পালিয়ে যায়।
কি এক বিনিসুতার মালায়
জড়িয়েছো আমায়
যতই বলছি দূরে থাকো
নির্বিঘ্নে সটকে পড়ো
ততই বিদ্রূপাত্মক উপসংহার।
রাজ দরবারের সিংহাসন দখল করে
হুকুম তামিলের নির্দেশ দিয়ে যাচ্ছো অবিরত
আমি খাতা কলম ফেলে বারবার হই নিরস্ত্র।
২। ঘুমিয়ে থাকো তুমি
আমি গোটা পৃথিবী তন্নতন্ন করে
কতজনারই না ঘুম ভাঙ্গলাম।
ফুলের ঘুম ভাঙ্গলাম ভ্রমর হয়ে
গাছের ঘুম ভাঙ্গলাম
মুষল বৃষ্টি হয়ে
ফসলের ঘুম ভাঙ্গলাম
হেমন্তের অজর সমীরণে
ঘাসের বুকে আলতো কিরণে।
অথচ তোমার কাছে এসে
সকল বিধিবিধান প্রয়োগ শেষে
আমি নিজেই ঘুমিয়ে পড়েছি।
যারা জেগে থেকে ঘুমায়
তাদের ঘুমটা গাঢ়তর হয় বৈকি
সেই বিধি ভুল প্রমাণ করতে
আমি তোমার দ্বারপ্রান্তে
ঠায় দাঁড়িয়ে থাকতে থাকতে
নিজেই ঘুমিয়ে পড়েছি।
এখন তুমি যদি ঘুম উপন্যাসের
প্রথম অধ্যায় হও
আমি কেন নির্দ্বিধায়
দ্বিতীয় অধ্যায় হতে পারবো না!
৩। প্রথম দেখা
তোমার সাথে প্রথম সেই
দৃষ্টি বিনিময়টা ভিন্নভাবে হয়েছিল
গতানুগতিক প্রথম স্পর্শ অনুভূতি ছিল না
সারিবদ্ধ দর্শকের ভিরে আমি ছিলাম অনাহূত
কেউ কেউ জাকিয়ে বসেছিল
কেউ কেউ হাকিয়ে পদ ভারী করছিল
আমি ছিলাম ভিন্নভাবে
একদম গুটিয়ে চোখের সীমানা সঙ্কুচিত করে
সেই ছোট্ট সীমানা ভেদ করে তুমি এলে
ছোট্ট অভিলাষে দর্শক সারির শেষে।
একটা সাজ সাজ রব পড়ে গেল চতুর্দিকে
এরকম পরিপাটি রমনী জীবনের আনাচে কানাচে
খুব কম মানুষেরই জুটেছে
সেই পরিপাটি গুনে তুমি জাকিয়ে বসলে
তোমার দীঘল পদ্মপুকুর চোখ
আমাকে মুগ্ধ করে রাখলো
মনে মনে বিধাতাকে প্রণাম করলাম
যে আসনটি আজ পাশে সুপ্রসন্ন সে আসনটি
কোন দিন যেন দূরে না যায়।
কি এক অপার বিস্ময়ের টানে
তুমি কাঁধ উঁচু করে কাউকে খুঁজলে
তোমার কাঁধ নিচু হতে হতে
দৃষ্টি সীমা কমতে কমতে চোখের সন্নিকটে
একটা আধো ছায়া দেখতে পেলে
আজ বলতে দ্বিধা নেই
সেই আধো ছায়াটা আমিই ছিলাম
তোমার চোখের আলোয় ক্ষণিকে
আলোকিত হয়েছিলাম।
৪। কাঁটাতারে প্রজাপতি
বিনা অনুমতিতে প্রবেশ করেছি সীমানায়
কাটাতারে প্রজাপতি ওড়ে
আমি পৃথিবী ঘুরে এইখানে এসেছি
দ্বিধার দ্বারে জীবন।
সারাজীবন বিধিবিধান ঘেটে যা জেনেছি
সবটুকু সত্য নিয়ে রূপবতীরা ঘোরে
তাই অপারগতার দ্বার খুলে আসো
নচেৎ দ্বারপ্রান্তে জীবনভর অনশনে রইলাম
যতই গুলি ছোড়না কেন
কাঁটাতারের বাইরে যাচ্ছি না।
৫। তোমার অলৌকিকতা
আমি আজ যে লাশ বহন করছি
সে লাশ মাটি গ্রহণ করেনি
আগুনে জ্বলেনি জলে ডুবেনি।
তাই ভাসিয়ে ভাসিয়ে
তোমার কাছে এনেছি
তোমার ছোঁয়াতে নিমিষেই সে লাশ
জলজ্যান্ত মানুষ হয়ে উঠেছে।
আশ্চর্যজনক হলেও সত্যি
এই অলৌকিকতা
শুধুমাত্র তোমার ক্ষেত্রে প্রযোজ্য
একমাত্র তুমিই জীবিতকে মৃত
চিরঘুমন্তকে জাগ্রত করতে পারো।
এই বিশ্বাসটা স্থাপন করতে
যে সময় ও শ্রম দিতে হয়েছে
চাইলে সেটাও তুমি এক ছোঁয়াতেই
গুঁড়িয়ে দিতে পারো।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




