১। একটি সরোবর
ঐ যে উঁচু রাস্তাটা দেখা যায়
ওটা ছিল ধূলোয় মাখা পথ
ঐ পথে আলীম উদ্দিন নিমাই ভট্টাচার্য্যরা
হেঁটে যেত প্রতিদিন
গরুর গাড়ী ক্যাচক্যাচ করে চলতো
নাইওর যেত শেফালীর মা
পথের ঐ পাড়ে অনন্তদের বাড়ী
অনন্তের মা নিরুবালা
কাঠফাঁটা রোদে ধান শুকাতো রোজ
চৈত্রের খরতাপে গলা শুকিয়ে গেলে
শেফালীর মা হুড়মুড় করে নেমে পড়তো
খানিক জলপানের সাথে নিরুবালার সাথে
কুশলাদি বিনিময় করতো
তাদের আলাপ-চারিতায় মনে হতো
তারা দুজন সহোদরা
আজ বহুদিন পর মিলিত হয়েছে
কুশল বিনিময় শেষে ফেরার কালে
আর একবার এখানে নামার
নেমতন্ন দেয় নিরুবালা।
কশ্মিনকালে এই পথ বা পথের ঐ পারে
কোন জাত বর্ণ গাছ দেখা যায়নি
কোন অকাল ফলও ফোটেনি দৈবাৎ।
এই পথে যারা যেত যারা আসতো
তারা ছিল একই পথের পথিক
শুধু বাড়ী ভিন্ন ভিন্ন দিক
বিশ্বাস নাহলে
আলাল দুলাল মতি জতি
সাথী কানাই বিনতিদের
জিজ্ঞেস করে দেখতে পারো
ওরা বুক চিড়ে দেখাবে একই জলের ধারা
সাতটি পদ্ম ফুটে আছে
একটি সরোবরে।
ওরা ছিল ওরা আছে ওরা থাকবে
একই পথের পথিক হয়ে
ছিঁড়বে না এই বৃত্ত
আদিম কোন ঝড়ে।
২। উদ্দেশ্য সেই এক
নীরব দর্শক সারিতে বসে দেখছি
আজব গুরুপাক রন্ধন শৈলী
কিভাবে আমার মাতৃভূমিকে
কাঁচা লঙ্কা লবঙ্গ দারুচিনি এলাচে
রাঁধছে পটু রাঁধুনীরা।
কেউ কেউ ধীরে ধীরে
চিড়ে চিড়ে লবন মাখছে - সালাদ হবে
কাঁচা মরিচে টক ঝাল - স্বাদ হবে
অনতিবিলম্বে সুগন্ধী - পোলাও হবে।
উপস্থিত কাঙালেরা এসেছে ভিন্ন ভিন্ন পথে
কেউ এসেছে বুক ফুলিয়ে বিনা নিমন্ত্রণে
কেউ এসেছে সামিয়ানার ফুঁটো গলে
কেউ এসেছে প্রার্থনার ছলে।
তলে তলে লক্ষ্য ও উদ্দেশ্য সেই এক
রসিয়ে রসিয়ে মেটাবে জটর সুখ।
৩। এবার তাহলে
আমি বসে ছিলাম আমার মত করে
তোমরা আমাকে বসতে দিলে না
নির্বিঘ্নে থাকতে দিলে না
টান মেরে কেঁড়ে নিলে
স্বস্তির কেদারা।
আমি আমার মত করে থাকতে চেয়েছি
আমার মত করে বসতে চেয়েছি
খেতে চেয়েছি ঘুমাতে চেয়েছি
সময় হলে চোখ খুলে দেখতে চেয়েছি।
তোমরা তোমাদের মত করে
আমাকে থাকতে বলছো
খেতে বলছো ঘুমাতে বলছো
তোমাদের চোখের মত করে
একদৃষ্টিতে চেয়ে থাকতে বলছো
আমার পাতের অন্ন কেড়ে নিয়ে বলছো
এ অন্ন এভাবে খেতে হবে।
আমাকে আমার মত করে বলতে দাওনি
শিখিয়ে দেয়া বুলিতে তোমরা
অনর্গল বলে যাচ্ছো
চাপিয়ে দেয়া রীতিতে তোমরা
আমার ওপর জবরদস্তি করছো
তোমাদের মত চলতে শিখিনি বলে
আমার পথ খাল কেটে করছো লন্ডভন্ড।
অনেক তো এলিয়ে বসে থাকা হলো
এবার তাহলে অকস্মাৎ উঠি
এবার তাহলে সিনা টানটান করে দাঁড়াই
উপেক্ষার অজুহাতে আর নয় বসে থাকা
এবার কয়েক শত হাত লাফিয়ে উঠি
দু’পায়ে কষে লাথ্থি মারি
ছুঁড়ে ফেলি তোমাদের কাটা গর্তে।
ছবিঃ নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




