১। যৌথ নদী
আঙ্গুল শুষে নেয় অতীত তর্জনীর বাঁকখাদে
মৃত মরালীর মত নিস্তব্দ রাত্রিগুলো
হুড়হুড় করে ঢুকে যায় যৌথ নদীর বুকে
আমরা ছিলাম শিল্পের কারিগর নদীর স্রষ্টা
চাইলেই নদীর বুকে প্লাবন চাইলেই নদী তীরে জারুল
আকাশের সব রঙ বুকে নিয়ে পাখিরা ঘুমায়।
আষাঢ়ের জল অনন্ত গন্তব্য ঢেউয়ে ভাসে কচুরীপানা
এসবই নদীর ব্যুৎপত্তিগত উপাখ্যান।
একদিন চাওয়া মাত্রই অস্থির জলমৈথুন
একদিন চাওয়া মাত্রই এ্যামাজান পদ্মপাতা---দুটো ফুল।
একদিন ভালবাসার পাখিরা উড়ে যায়
যৌথ নদীর বিস্তীর্ণ প্রান্তরে মৃত পাখা হাওয়ায় উড়ে
নদীচুক্তির চূড়ান্ত অনুলিপি পড়ে থাকে
ঘুনেধরা নড়বড়ে টেবিল পকেটে।
২। সামলে দাঁড়াও
সামলে দাঁড়াও সংশয়
জীবন তোমাকে কিছু দেয়নি
ভেবো না। পেয়েছো আকাশের উদারতা
জলজ প্রাণীর মত পেয়েছো শ্বাস
দেখো অন্তহীন দৃশ্য মিশে আছে
চোখের সীমায়।
গাতক পাখি গান গায়
পাখিটি জানে না কি সুধা কন্ঠে
মাধূর্য্যের গুণ কি ময়ূর বুঝে
পেয়েছো যা সামলে রেখো
চোখের আলোয় রোদ দেখো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


