![]()
১। দিন যাচ্ছে যাবে
দিন যাচ্ছে যাবে থেমে থাকবে না
দিনান্তে পাখি থেমে যায় ঝিঝি ডাকে
কারো উদাসীনতায় সময় কি থেমে থাকে
চাঁদ উঠে গগনে মুগ্ধ নয়নে গাছেরা রয়।
কি হবে কি হওয়ার নয় ভেবে কি হবে
দিন যাবে। দিন যাবে অলসতায়
দিন যাবে আড়মোড়া ভেঙ্গে
কি হবে আর ভেবে যা হওয়ার তাই হবে।
যা পাওনি মনে করো সে তোমার নয়
সে আপন হওয়ার নয়
রোদ্দুর কি কখনো ধরে রাখা যায়
সব মেঘ কি বৃষ্টি ঝরায়
কিছু থাকে আকাশের বুকে
কিছু জলের ফোঁটায়
ঝরে ঝরে নদী ভরায়।
২। অগোছালো কবিতায়
আমার আর বলার কিছু নাই
যা বলেছি ইশারায়, ইংগীতে
বুকের আশায় মনের ভাষায়
দিন চলে যায় লতায় পাতায়।
দীর্ঘশ্বাস আর দোটানায়
জমছে কথা হৃদয়ের কানায়
বলার ভাষা নেই
মুখের কথায় লেখার খাতায়
তুমি বুঝলে বুঝে নিও
অগোছালো কবিতায়।
৩। একটা দিন ঠিক
একটা দিন ঠিক দুটো চোখ
দেখে গেল আরশিতে বহুরূপ
যোজন যোজন দূরত্বে বসে
দেখে গেল ফুটন্ত গোলাপ
ঝরে পড়া পাতার বিলাপ।
একটা দিন ঠিক দুটো সূর্য
দুই গোলার্ধে আলো আধারী
মধ্যে সারিসারি নর-নারী
জীবন্ত ছায়া প্রচ্ছায়া ঔরস
জন্ম মৃত্যুর ক্ষণিক নির্যাস।
একটা দিন ঠিক দুটো মানুষ
একটা দিন ঠিক দুটো ফানুস
উড়ছে হাওয়ায় দক্ষিণা দাওয়ায়
গল্পের ভীরে দুটো চোখ হারায়।
৪। কেউ নাইরে নাই
নীরবে দুটি দিন কেটে গেল
মগ্নতা বসে রইলো উঠোনে
অযাচিত মেহমানের মত
ছাই ভস্ম খেয়ে আছি
লেপ্টে আছি তোমার গৃহস্থ বাড়ির
ধুলোবালির বাসরে
দুটো ডালভাতের বড় অভাব
তোমার বাড়িতে শুনি
রাজ্যের মানুষের আনাগোনা
প্রজাপতি শিশুদের কলরব।
আমার জন্য প্রবেশাধিকার নিষেধ
আমার জন্য যত ভেদাভেদ
চৈত্রের দিন যাই যাই করে
রইলাম পড়ে ঘরের বাইরে
আপন হইলো দূরের মাঠ
মাঠ হইলো নব সূর্য পাঠ
জঞ্জাল হইলো নিঠুর ঠাঁই
আমার আর কেউ নাইরে নাই।
ছবি: নিজস্ব এ্যালবাম।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৩ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



