কিছু দুঃখ পুষে রাখি বুকের ভিতর
সযত্নে তুলে রাখি পাঁজরের তাকে
দুঃখ গুলোই আমার সম্পদ,
মহামূল্যবান সম্পদ।
আমি এক লক্ষ নদীর কাছে গিয়েছিলাম;
তবু তৃষ্ণা মেটেনি আজও,
পাখির ডানায় ভর করে চলে গেছি
দূর থেকে আরো দূর,দূরের আকাশ;
আমার সীমানা পাইনি খুঁজে,
আমি বৃক্ষের সাথে বৃক্ষ হয়ে মিশে রই আকাশ ছুঁব বলে,
আকাশ তো নয় শুধু শূন্যতা দুই হাতে,
এমন অনেক দুঃখ আমার!
পাহারাতে দুই চোখ
আমার দুঃখ আগলে রাখে
যেনো বৃষ্টিতে না ভিজে একফোটা দুঃখ
চোখ ভিজে যাবে
শ্যাওলা জমবে চোখে;
তবু পাঁজরের তাক গুলো বাঁচিয়ে রাখে,
বৃষ্টি সুষে নেয় নিজেই অন্ধ হয়
তবু ঝর বাদলের দমকায় দুবাহুতে আগলে রাখে অসীম মমতায়,
এক একদিন এক একটা তুফান আসে;
ভিজিয়ে দিয়ে যায় সব,
জলোচ্ছাসের মতো-
লন্ডভন্ড করে দেয় বুকের জমিন,
শুধু পাঁজরের সুদৃশ্য তাকে
থরে থরে সাজানো দুঃখ গুলো ভিজতে পারেনা কোনোমতে,
শ্যাওলাও জমেনা একটুকু।
চোখ ভিজে যাক,রোদে পুড়ে খাঁক হয়ে যাক!
শুধু দুঃখ গুলো বেঁচে থাক,
দুঃখ গুলোই আমার সম্পদ,
আমার অমূল্য সম্পদ!
চোখ বসিয়েছে পাহারা;
শকুনের দৃষ্টি চারিদিকে।
বাদলের দমকায় ভিজে যায় নিজে;
শুধু বুকের জমিন বেঁচে থাক,
বেঁচে যাক পাঁজরের তাকে
থরে থরে সাজানো দুঃখ গুলো,
আমার একান্ত দুঃখ গুলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

