আজ সারাদিন তোমার কথা
একটিবারও মনেই পড়ল না,
হাঁটতে হাঁটতে গৌরাঙ্গ লেন
চৈত্রের তাপদাহ গায়ে মেখে ঘরে ফিরে ক্লান্ত দেহে
বসতে বসতে কত কথাই মনে পড়ে গেল,
তোমার কথা একটিবারও মনেই পড়ল না,
মাটির কলসের ঠান্ডা এক গ্লাস জলের কথা মনে পড়েছিল,
মনে পড়েছিল কলের জলে স্নানের কথা
গামছা হাতে আমার দিকে তোমার তাকিয়ে থাকার কথা,
ঘামে ভেজা জামার বোতাম খুলে দেবার কথা,
সকালের বাসি ভাতের কথাও মনে পড়েছিল,
কত কথাই মনে পড়েছিল,
শুধু তোমার কথা একটিবারও মনেই পড়ল না।
দুপুরে উঠোনে মাদুরে শুয়ে
তোমার তালপাতার শিতল বাতাসের কথা মনে পড়েছিল,
গৌরাঙ্গ লেনের পাওনাদারকে আজো টাকা দিতে না পারার লজ্জার কথা মনে পড়েছিল,
বুক পকেট থেকে কলম নিয়ে কলমদানিতে রাখার কথা মনে পড়েছিল,
মনে পড়েছিল চিমটি কেটে বিকেলে ঘুম থেকে তুলে দেয়ার কথা,
এক কাপ চা সাথে কিছু মুড়ির কথাও মনে পড়েছিল,
সন্ধ্যা লাগার একটু আগে
পূর্বদিকের ঘরের কোনে
চুপিসারে ছোট্ট একটি চুমুর কথাও মনে পড়েছিল,
শুধু তোমার কথা একটিবারও মনেই পড়ল না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





