চলো যাই,
কোনো একদিন খুব সময় করে
গভীর রাতের ট্রেনে চড়ে
আমাদের বাল্যকাল থেকে ঘুরে আসি,
আমাদের ডাঙ্গুলি খেলার ছোট্ট উঠোনটা
কেমন আছে;
সেখানে কী এখনো সেই সাদা মাটি, নাকি
দূর্বা গজিয়েছে,
চলো যাই,দেখে আসি।
আমাদের দেখেই যে ডাহুক পাখিগুলো ডেকে উঠত
যে হাসের ছানাগুলো দৌড়ে আসত কাছে
আমাদের পায়ে পায়ে লেগে থাকত ,
ওরা এখনো ওখানেই আছে!
চলো যাই,দেখে আসি।
আমাদের বাড়ির পিছনের ঝোপ জঙ্গলটা,
যেখানে সন্ধ্যা হলেই শিয়াল ডেকে উঠত ;
আমরা ভয়ে জড়সরো হয়ে
গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়তাম,
সেই জঙ্গলটা কতটা নীরব হয়ে আছে,
চলো যাই,দেখে আসি।
আমাদের প্রথম বিদ্যা নিকেতন,
নদীর পার ভাঙতে ভাঙতে কতটা পিছনে চলে গেল,
চলো যাই,দেখে আসি।
নদীর পারে বাঁশের সাঁকোর উপর
দুলতে দুলতে আমরা যে হাটে
যেতাম,সদাইপাতি কিনতে,
সেই বয়োবৃদ্ধ লোকটি,
যে হাটের এক কোনে
সামান্য কিছু পুটি মাছ নিয়ে চুপ করে বসে থাকত সারাদিন,
সেই বৃদ্ধটি কী আগের মতোই বসে থাকে,চুপচাপ,
চলো যাই,দেখে আসি।
গভীর রাতের ট্রেনে চড়ে খুব ভোরের ট্রেনেই আবার ফিরে আসব।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





