নষ্ট হতে কষ্ট লাগে,ভীষণ কষ্ট লাগে,
তবু নষ্ট হতে ইচ্ছে জাগে কষ্টগুলো নিয়ে,
অবহেলায় অনাদরে বৃক্ষ যেমন নষ্ট হতে থাকে।
নষ্ট হওয়ার উপায় জানা,
নষ্ট হওয়ার পথও চেনা,
তবু হাস্নাহেনায় হাসি খুঁজি
নষ্ট হওয়ার আগে,
পবিত্রতায় কষ্টরা সব ভাগুক আগেভাগে।
নষ্ট হতে কষ্ট লাগে,ভীষণ কষ্ট লাগে।
ফুলের কথা ভেবে ভেবে কষ্ট লাগে
নদীর কথা ভেবে ভেবে কষ্ট লাগে
নীলপরীদের ডানামেলা,শুভ্র আকাশ ভেবে ভেবে কষ্ট লাগে,
নষ্ট হলে এক জীবনে আর হবে না দেখা!
ভেবে ভেবে কষ্ট লাগে।
পাহাড়ের ডাক,সমুদ্রের সুর
কানে বাজে,
তোমার কথা ভেবে ভেবে কষ্ট লাগে,
তোমার চোখের মনি,হাত দুখানি,
দীঘল কালো কেশের কথা ভেবে ভেবে কষ্ট লাগে,
নষ্ট হলে এক জীবনে আর হবে না দেখা!
ভেবে ভেবে কষ্ট লাগে,ভীষণ কষ্ট লাগে।
তবু নষ্ট হতে ইচ্ছে জাগে কষ্টগুলো নিয়ে,
অবহেলায় অনাদরে বৃক্ষ যেমন নষ্ট হতে থাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




