একদিন সারাদিন তুই আমার হবি
একদিন তুই সারাদিন আমার হয়ে যাবি,
একদিন তুই ভুলে থাকবি তোকে,সারাদিন,
একদিন সারাদিন তোর সমস্ত কিছু জুড়ে থাকব আমি,
একদিন সারাদিন তুই আমার কথাই ভাববি
একদিন তোর কথায় আমার সূর্য উদিত হবে,
অস্তও যাবে তোর কথায়।
একদিন সারাদিন তুই আমার হাতে হাত রাখবি
একদিন,একদিনের জন্য তুই হাত ছাড়িয়ে নিবি তাঁর হাত থেকে।
একদিন সারাদিন আমি বৃক্ষ হয়ে থাকব,
প্রত্যন্ত কোনো এক গাঁয়ের শান্ত নদীর ধারে,
তুই আমার গায়ে হেলান দিয়ে থাকবি,আমার ছায়ায়,
আমি কোনো কথা বলব না,
বৃক্ষরা কথা বলে না।
একদিন রিক্সার হুড তুলে
প্রচন্ড গরমে ঘামতে ঘামতে ভিজতে ভিজতে
ধানমন্ডি থেকে আশুলিয়া হয়ে সাভার চলে যাব,তোকে নিয়ে,ভর দুপুরে।
একদিন,যে কোনো একদিন,তুই আলিঙ্গন ছিড়ে বেড়িয়ে আয়,
আলিঙ্গন থেকে।
একদিন পায়ের শিকল ছিড়ে তুই আমার কাছে চলে আয়।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




