সাধ্য আমার কতটুকুই আর বলো
আমারও তো আছে সীমারেখা,
আমি না হয় তোমার জন্য নিস্তব্ধ হতে পারি
আমি না হয় তোমার জন্য নির্বাক হতে পারি
আমি না হয় তোমার জন্য ভুলে যেতে পারি আমার পার্থিব ভোগ বিলাস,
আমি না হয় নির্বাসনে যেতে পারি সেচ্ছায়
গহীন কোনো বনভূমি করতে পারি আবাসস্থল,
আমি আর কতটুকুই বা করতে পারি বলো
আমি না হয় বিস্তর মরুপথ হেঁটে যেতে পারি,বেদুঈন হয়ে অজানায়
আমি না হয় পরিযায়ী হতে পারি পাখি হয়ে পাখিদের সঙ্গে,
আমার আর সাধ্য কতটুকুই বা বলো।
তবুও কী নিস্তার পাব আমি,
আমার চিতাগ্নি থেকে!
তুমি না হয় ছবি হয়েই রইলে
অথবা শুধুই স্মৃতি,
আমি না হয় কাষ্ঠ কয়লা
অথবা জমাট বাঁধা পাহাড়ী পাথর,
তবুও কী রুখতে পারব আমি
আমার গায়ে কোনো বনফুলের অঙ্কুরোদগম!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




