স্টেশন - ২
বৃদ্ধ লোকটা খুঁড়িয়ে হাঁটে
সকাল-সন্ধ্যা। রাত বাড়লেই
পা দু'টো তার কেমনে যেন
ঠিক হয়ে যায় সবার মতই
ওইটুকু তার জাত-অভিনয়
চারটা মুখের খাবার জোটায়
মাথার ওপর সূর্য ঘোরে
চলচ্ছবি ঘামের ফোঁটায়
মুখটা বাড়ায়, হাতটা পাতে
নিখুঁত বিষাদ চোখের ভাঁজে,
দুই পয়সার অভিনেতার
ধুলো-কাদার নিপুন সাজে
ট্রেন আসে আর ট্রেন চলে যায়
সহজ জীবন হারতে থাকে
ধুলো-জলের রাজধানীতে
অভিনেতাই বাড়তে থাকে
স্টেশন থেকে মহানগর
প্রাণচঞ্চল মহানগর
তেলাপোকা, ইঁদুর এবং
অভিনেতার ভীড়ে মুখর।
স্টেশন - ৩
বিন্তি, ওরা তোদের খোঁজেই বুঝি এসেছিল -
বাঁকা চোখে খুঁজতে খুঁজতে ওই এগিয়ে গেল
রাত বেড়ে যায়, রাতের সাথে কালো রঙের আলো
সেই আলোতে লোকগুলো যে কী দেখে চমকালো !
কটকটে রং অমন শাড়ি কোত্থেকে পাস তোরা?
এত্ত কড়া রং দিয়ে তুই সাজালি ঠোঁট-জোড়া...
বিন্তি, ওরা এসব বুঝি ভীষণ ভালোবাসে?
বেড়াল'রা কি বাঘ বনে যায় নিষিদ্ধ উল্লাসে?
চোখের জলই জোনাক হয়ে ভাসছে নীল আকাশে
বিন্তি, কাদের ঘর পুড়ে যায় কাদের সর্বনাশে...
স্টেশন - ৪
এই ছেলেটার কপাল বলতে হবে !
একটু হলেই প্রাণটা যেত উড়ে -
অবশ্য তার পেশার দাবীতে সে
হাতের মুঠোয় প্রাণটা নিয়েই ঘোরে।
এই ছেলেটার থামতে চাওয়া বারণ;
নগরমুখে ধুলোর পরত বাড়ে
ছোট্ট ছেলে দৌড়াতে দৌড়াতে
আন্তঃনগর আসে আবার ছাড়ে
ওভারব্রীজের রেলিঙে হাত রেখে
জাত-শকুনের মতন দৃষ্টি মেলে
বাক্স-পেটরা-হকার-কুলি'র ভীড়ে
মানুষ দেখে মানুষ চেনে ছেলে
এই ছেলেটা এত্ত ভীড়েও একা
শিকার-ঠাঁসা ব্যস্ত এ তল্লাটে
হাঁটার ছলে এইটুকু এই ছেলে
পাকা হাতে নিখুঁত পকেট কাটে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





