মাহী'র স্ট্যাটাস-কাব্য।।
আমাদের কবিতা ছিল। আমাদের কত দিন কত রাত খুব স্বপ্ন ছিলো। শীতল জলীয় এক নিশির। আমাদের স্বপ্নে ছিল ব্যঘ্র নখর চুমু। আমরা আমাদের ছিঁড়েছি।
এরপর কবিতা চন্দ্রকে করেছে এক মোহগ্রস্থ আততায়ী!
শাহেদ।।
কার হাতে যেন খুব কবিতা ছিল
মাহী।।
কার হাতে ছিল?
শাহেদ।।
কারও হাতে কাব্যরূপী রূপকথা'দের পশরা ছিল।
বেলাশেষে যে দিগন্তে নীলচে আঁধার ছড়িয়ে থাকে,
সেই দিগন্তে ছড়িয়ে ছিল অনেক প্রাচীন রূপকথারা।
গতিবেগের ফাঁদে পড়ে সূর্য তখন অন্যপ্রান্তে, কিন্তু সেটা বিবেচ্য না।
সূর্য যখন গেল তখন সূর্যমুখী ফুলও কেমন মুখ ফিরিয়ে চলে গেল - কেমন লাগে, ভাবতে পারো?
গল্পে সময় এগিয়ে যাবে, যেতেই হবে - সেটাই নিয়ম
সূর্যকে তাই ক্ষমাই দিলাম
কিন্তু প্রিয় সূর্যমুখীর অবহেলায় মুখ-ফেরানোর নাম-না-জানা অপরাধের
কী করা যায়? - তুমিই বলো !
কারণ আমি এলোমেলো। আমার মতই এলোমেলো !
মাহী।।
সূর্যমুখী মুখ কাটা মে ধুলোর উপর যায় গড়িয়ে, আঁচড়ে কামড়ে দাগ করে দেয় সূর্যহাসা বুকের ভেতর,পাগল কেন হাত বাড়িয়ে,রূপকথাটায় নাক গলিয়ে ফুলকে ডাকে?
ডাকের মধ্যে এলোমেলো গন্ধ থাকে!
সূর্য আলো রং এর গোলা আপাতত একুশ বাইশ, শ্রাবন শ্রাবন মেঘের মত
উড়াচ্ছে ফুল পথের ধুলায়।দীর্ঘ দিঘল সোনালী চুল চমকে চমকে উঠছে রোদে, রূপকথাটায় সবুজ ব্যাঙের উপস্থিতি, দূর্বা ঘাসে ছড়াচ্ছে চিল মুঠো মুঠো হলুদ দানা,
এসব কিছুই এলোমেলো, রোদের জোছনা ফুরাচ্ছেনা!
শাহেদ।।
অমন করে ডাকে বলেই পাগল'কে আজ 'পাগল' ডাকো !
পথের ধুলো রূপকথাদের মেজাজ-মর্জি বুঝতে পেরে
শ্রাবণ দিনের মাতাল হাওয়ায় পাল ভাসিয়ে ফুলকে ভীষণ ভিজিয়ে দেয়ার শপথ নিয়ে
যেই না ফুলের কাছে গেল-
ঠিক তখনই সূর্যপানে ফুলের চোখের কী রসায়ন
দেখতে পেয়ে, বুঝতে পেয়ে
ধুলো'র ঝড়টা চুপসে গেল !
সূর্য ওকে কী দিয়েছে?
কেন এমন সূর্যপানে দিনাতিপাত, রাত-জাগরণ?
ফুলটা সূর্যে কী দেখেছে? -
দিগন্তে চাঁদ - নীল অভিজিৎ - অরুন্ধতী - সব তারা'রা এমনতর প্রশ্ন শুনে
চোখ নামিয়ে মিলিয়ে গেল
রূপকথাটা নিশ্চুপে তাই নীল দিগন্তে ছড়িয়ে গেল
রূপকথাটা সরলতার - কিন্তু ভীষণ এলোমেলো
মাহী।।
রূপকথাটার শুরুই এমন পরবাসে,
বকুল বকুল গন্ধ খেলা
শীত নিশুতি তারার দিকে
আকাশ ভেবেই তাকিয়ে থাকে
জলের নদী অলকনন্দা...
কে আর তাকে গল্প বলার নেশায় মেতে শুনাচ্ছে আজ
সূর্যকথন!
সরল সরল মেঘলা ভীষন দিনের বেলা
ভাবছো কবি? ভাবছো কি সেই সরলতার
গল্প খেলা?
শাহেদ।।
গল্প বলার মানুষটা যে নিজেই একটা গল্পে ছিল
গল্পটা তো জানত না তা !
এবং তখন বৃষ্টি নামে
শেষবিকেলের কলমীলতা, ভীষণ সবুজ বকুলপাতা
রক্তজবার পাপড়ি এবং কবি'র তীব্র চোখের পাতা ভিজিয়ে দিতে
বৃষ্টি নামে
অলকানন্দা বানের তোড়ে কবি'র অমন ছন্দগুলো
সব নিয়ে যায় অল্প দামে
বৃষ্টি নামে বৃষ্টি নামে
তোমার ওসব জানার বাকি
এবং আমার নীল-জোনাকি লুকিয়ে পড়ে মেঘের ভাঁজে
মেঘ-বিকেলের নীল আরামে
মেঘটা তখন কবি'র পাশে শিশুর মত দুই গালে তার দু'হাত রেখে গল্প শুনতে
একটু থামে
ঝরঝরিয়ে বৃষ্টি নামে
এবং এত্ত সব আয়োজন
কেমন হেলায় তুচ্ছ করে সূর্যমুখী ঠিক তখনও তাকিয়ে কেমন সূর্য পানে !
অপেক্ষা? না অভিমানে???
এত্ত কিসের অভিমানে?
মাহী।।
বৃষ্টি নামছে
বৃষ্টি নামুক
বৃষ্টি কথার এবং সত্যি অরূপকথার
অথবা ঠিক রূপকথাতেই বৃষ্টি এলে
তোমার অমন নীল জোনাকি মেঘের মত একটু নেমে
গল্পদাগে ডানা মেলে!
সূর্য ওসব অপেক্ষার আর
কি ছাই বোঝে
চোখ বন্ধ পুকুর জলে ঘরের চাবি
ফেলছে সহিস
ঘোড়ার দাবি নামবে জলে! চোখ বন্ধ পুকুর জলে..
জলের গভীর বৃষ্টি হলে!
বৃষ্টি রঙা এই অভিমান
বৃষ্টি এলে সূর্য কোথায় লুকিয়ে থাকে?
ভাবছো কবি? ভাবছো এবার
রূপকথাতে পথের বৃষ্টি
কেমন করে
কেমন করে মেঘকে ডাকে?
![]()
শাহেদ।।
পাগল তখন পথের হাটে
কাঠগোলাপের পাতার দামে দু'তিন ঝুড়ি স্বপ্ন কিনে
সূর্য যেদিক অস্ত গেছে - সেদিক পানে
সূর্যমুখী'র মায়ার টানে চোখ শুকিয়ে ধরল হাঁটা
সেই পথে তার মুখের কথা'ই
পাখির কূজন, গাছের শাখায়, নদীর স্রোতে, জোনাক-পাখায়
গানের মত অবাক সুরে ছড়িয়ে গেল
দূরে দূরে
ছড়িয়ে গেল বেতাল হাওয়ায় মাতাল করা সেই কলতান:
"সূর্যমুখী, ফিরে তাকাও !
এক জীবনের সবটুকু চাও - দিব তা-ও ! দোহাই এবার
এদিকপানে ফিরে তাকাও !"
বাতাস যেন রূপকথাটা বুঝতে পেরে ছড়িয়ে দিল প্রতিধ্বনি -
'ফিরে তাকাও'
'ফিরে তাকাও'
সূর্য তখন অস্তগামী -
সূর্যমুখীর মুখটা নিচু
চতুর বাতাস হঠাৎ তাকে চিনতে পেরে
দাঁড়িয়ে পড়ে ফুলের পিছু
কিন্তু পাগল ঘোরের বশে বাষ্প-চোখে হাঁটতে হাঁটতে
সমস্ত দিন, সমস্ত রাত
সন্ধ্যা-প্রভাত হাঁটতে হাঁটতে যখন একটু ক্লান্ত হল -
পা চলে না;
চতুর্পাশে তাকিয়ে দেখে - তাকিয়ে দেখে - সব অচেনা !
পথের ভুলে সেই যে পাগল অন্য কোথায় পৌঁছে গেল !
আর ওদিকে সঠিক পথে -
সূর্যমুখী গানটা শুনে যেই তাকালো বাতাস-পানে
বাতাস পেছন ফিরে দেখে, পাগল তখন নেই সেখানে !
পথটা ভুলে পাগল তখন
কই হারালো? কই হারালো?
রুপকথাটা ডুকরে ওঠে - সব যে আবার এলোমেলো !!!
কবি'র মতই এলোমেলো !
মাহী।।
রূপকথাতে ব্যঙ্গমা আর ব্যঙ্গমীও তো কথায় মাতে
গল্পচ্ছলে পথ বলে দেয়-
কবি তোমার এ রূপকথায় তারা কোথায়?
পথ হারানো পাগলটাকে পথ বলে দিক
অথবা সেই কথা বলা শুক পাখিটাও থাকতে পারে
ফুল জোনাকি সূর্যমুখী
ছায়ার টানে আলো হারা এক বাগানে
বসতে গেলো...
এমন করো সে বাগানে প্রথমবারই দেখা করাও?
সেই পাখিটা পথ বলে দিক
এদিক সেদিক
যেদিক দিয়েই পাগল গেছে!
দূরে দূরে দূরে থাকা মেঘ
ছায়া দিয়ে ফুলটাকে সামলালো!
এবার ওদের মিল করে দাও। পথ খোঁজার এ কষ্টটুকু
বাতাস করুক। আলো করুক, আকাশ করুক!
সূর্যমূখী এবার সুখী তোমার হাতেই।
একটুকু সুখ জলের বুকে এমনিতে ছলকালো!
কবি তুমি এবার যেন
একটুও না
একটুও না
একটুও না এলোমেলো!
শাহেদ।।
গাঢ় আকাশ, সবুজ পাতা, বৃষ্টিমুখর উজান নদী
বনের পথে শাদা বকুল রাস্তা চেনায় অদ্যাবধি
![]()
কিন্তু এসব ছাড়িয়ে যখন 'পাগল' ভীষণ দিশেহারা, ঠিক তখনই অনেক দূরে
শান্ত মেয়ে সূর্যমুখী
পথ চেয়ে রয় বাতাস পানে -
গান শোনা যায় আবার যদি !
সূর্যমুখী অপেক্ষাতে।
শ্রাবণশেষের সন্ধ্যা নামে, নীল অভিজিৎ পূব আকাশে
সপ্ত-ঋষি চক্রাকারে রূপকথাটা দেখতে আসে
মেঘ ভেসে যায়, পাতায় কাঁপন
সন্ধ্যা নামে - তারার নীচে
সূর্যমুখী
অপেক্ষাতে।
সমস্তরাত এক পৃথিবীর কাব্যকথার সব আয়োজন
পূর্ণ করে সূর্যমুখী
অপেক্ষাতে - একলা তখন।
রাত ঘুমালে সূর্য আসে,
পথিক পাগল আশে-পাশে তাকিয়ে হঠাৎ বুঝতে পারে
ফিরেছে সে আপন পথে !
সূর্য তখন খুব সচেতন, অনন্যোপায় সূর্যমুখী
রাত-জাগা সেই ফুলটা আমার
কোন পুরাতন অভিশাপে, বাধ্য হয়ে তখন আবার মুখ ফেরালো সূর্যপানে !
সেই কথা কী পাগল জানে?
কাছে এসে পাগল শুধু দেখতে পেল, ফুল তাকিয়ে সূর্যপানে
প্রচন্ড এক অভিমানে
ঝরঝরিয়ে পড়ল ভেঙে রূপকথাদের সব আয়োজন!
সমস্ত রাত জাগার ফলে ব্যাঙ্গমা'রা ঘুমিয়ে তখন
শুকপাখিটাও অন্যখানে - ফুল তখনও সূর্যপানে
'সূর্যমুখীর অপেক্ষাটা'র গল্প বলার কেউ ছিল না !
সূর্যমুখী জানলও না
কী যেন এক অভিমানে - তার পাগল'টা হারিয়ে গেল এবার স্বেচ্ছা নির্বাসনে...
হারিয়ে গেল দূরে দূরে
পথ-ভোলা সেই ভুল পথকে নিজের মতন আপন ভেবে
পাগল ছেলে আরেকটিবার পেছন ফিরে ফুল'কে দেখে
আগলে রাখা স্বপ্নগুলো
বকুল পথে ছড়িয়ে দিয়ে একলা হেঁটে চলে গেল কোন অজানায়
চিরতরে।
সূর্যমুখী জানলও না। সে তার মতই অপেক্ষাতে।
রূপকথাটা বছর বছর অশ্রু ঝরায় সন্ধ্যারাতে
সূর্যমুখী জানলও না।
সূর্যমুখী জানবেও না-
জানবে না আর কোনওদিনও এমনতর রূপকথাতে।
*********************** সমাপ্ত *************************
ছবি: 'কালোমেঘ-সাদামেঘ' এবং 'ফুলঝরা পথ' -- নিজস্ব অ্যালবাম থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

