সুড়ুৎ সুড়ুৎ করে আয়েশ করে খেতে পারছিনা। আমি মহা বিরক্ত। অফিসে দুপুরে মধ্যাহ্নভোজের সময়। কেন জানি ভাত খেতে ইচ্ছা করছিল না। তাই এগোলাম কন্টিনেন্টাল কাউন্টারের দিকে। সেখানে মেন্যু ‘স্প্যাগেটি’। চামচ , ছুরি , কাঁটাচামচ ট্রের একপাশে আর আরেকপাশে একগাট্টি স্প্যাগেটি। রওনা হলাম টেবিলের দিকে। কোনটা যে নুডুলস, কোনটা চাউমিন আর কোনটা যে স্প্যাগেটি সেটা বোঝা আমার কম্ম নয়। সবগুলোকেই আমার কাছে একরকম লাগে। সব ভাই ভাই , আবস্থানভেদে নাম ভিন্ন। যেই লাউ সেই কদু।
স্প্যাগেটি এখানে মাঝে মাঝে খাই। কিন্তু আজকের মত মধুর সমস্যায় পড়িনি আগে কখনও। ছুরি, কাঁটাচামচ দিয়ে বিভিন্নভাবে কসরত করেও জিনিসটাকে বাগে আনা যাচ্ছিল না। মুখে দিলে লম্বু লম্বু লেজ ঝুলছে। আমি আসেপাশে তাকাচ্ছি কে কে তাকিয়ে আছে আমার দিকে। কারও সাথে চোখাচুখি হলে একটা বিব্রত হাসি দিচ্ছি। বাসায় হলে তো সুড়ুৎ সুড়ুৎ করে সাবাড় করে ফেলতাম। কিন্তু অফিস ক্যাফেটেরিয়া তে বসে তো আর এভাবে খাওয়া যায় না। সেটা অভদ্রতা। আসেপাশের অন্য কলিগ যারা এই পিচ্ছিল খাবার নিয়েছে তারাও বুঝলাম একই মধুর সমস্যায় পড়েছে। চলছে কসরত কিন্তু নাই কোনও সুড়ুৎ সুড়ুৎ কারন আমরা ভদ্রলোক।
নুডুলসটা আমার প্রিয় খাবারের একটা। আমাদের বাড়ি গ্রামে হলেও মামাবাড়ি শহরে হবার কারনে অন্য প্রতিবেশিদের আগেই নুডুলস খাবার সৌভাগ্য হয়েছিল। আমাদের বাড়িতেও আম্মা নুডুলস রান্নার প্রচলন শুরু করলেন। রান্নার পরে তো প্রচণ্ড বিভ্রাট। জিনিসটা দেখতে একদম কেচোঁর মত। ঘেন্না, ঘেন্না। ছিঃ ছিঃ ওয়াক ওয়াক করে সবাই মুখ ফিরিয়ে নিল। ভালই হোল, প্রথম প্রথম আমরা দুই ভাইবোন সাবাড় করতে লাগলাম নুডুলস। কেবল সুড়ুৎ সুড়ুৎ শব্দ। কারটা কত লম্বা সুড়ুৎ , তার পাল্লা।
কোন একদিন বাসার অন্য কেউ একজন চোখ- নাক বুজে চেখে দেখল। সেই থেকে শুরু। একে একে সবার মন কেড়ে নিল এই খাবার। আস্তে আস্তে আত্মীয়স্বজন , পাড়াপড়শিদের মধ্যেও সংক্রামিত হোল এই কেচোঁ আকৃতির খাবার।
ছোটবেলায় ঢাকায় বেড়াতে এসে প্রথম চাইনিজ রেস্তোরায় গিয়ে দেখলাম এই নুডুলস হয়ে গেছে ‘চাউমিন’। আবার অন্য কোথাও এটা হোলও স্প্যাগেটি। একবার আমার এক আত্মীয় গ্রাম থেকে আসলেন। তাকে জিজ্ঞাস করলাম , কি খাবেন ? তিনি বোললেন “ঢাকায় নাকি তুরা হালিম খাইস, এডি খাতি মন চায়”। আমি তাকে নিয়ে গেলাম কলাবাগানের এক বিখ্যাত হালিমের দোকানে। হালিম দেখে তিনি বললেন, “হায়রে ডাইল-ঘুটা, তুই ঢাকায় আইসে হইছিস হালিম !!!” । আমিও বোকাসোকা মানুষ। তাই চাউমিন/স্প্যাগেটি বা নুডুলসের ব্যাপারটা আমার তেমনি মনে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




