অবশেষে সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যশোরের বেনাপোল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট এস এম মান্নান কচিও বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এম মান্নান কচি জানান, তাকে র্যাব এর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। এর আগে রানাকে ধরতে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
রোববার সকাল থেকে থানার ৮নং রোডের ১৩৯ নং বাড়িতে র্যাব-পুলিশ ও যৌথ অভিযান চালায়। রানাকে গ্রেপ্তারে আশপাশের আরও কিছু ভবনে অভিযান চালানো হবে বলে তখন জানিয়েছিলেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি বলেন, "আবাসিক এলাকায় কোনো একটি ভবনে রানা আত্মগোপন করে আছেন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়।"
পুলিশ জানায়, সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৮ নম্বর রোডের ১৩৯/এ নম্বর বাড়িতে অবস্থান নেয় রানা। সৃষ্টি সেন্ট্রাল স্কুলের ছাত্রাবাসের মাঝখানের বিল্ডিং এর ফোর্থ ফ্লোর বা চতুর্থ তলায় শনিবার বিকেলে থেকে অবস্থান করছিলেন সোহেল রানা।
বাড়িটি স্থানীয় যুবলীগ নেতার।
সাভারে ধসে পড়া ভবনটির মালিক সোহেল রানা।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ভবন ধসের পর ধ্বংসস্তুপ থেকে রানাকে উদ্ধার করেন স্থানীয় সংসদ সদস্য মুরাদ জং। সেখান থেকে এনাম হাসপাতালে নেয়ার পরই রানা পালিয়ে যান। তাকে পালাতে সাহায্য করতে মুরাদ কজং সাহায্য করেছেন বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


