আমি আমার স্ত্রীকে লুক্সেমবার্গের কফি শপে কালো স্কার্ট পড়া দেখছি
গেল বিশ্বযুদ্ধে ওর হারানো পা দুটো কাঠের এখন
একটু ভারী, তবে মসৃণ মেহগনী, চকচকে পলিশ
ওর বুক পকেটে ছোট্ট গোলাপ, আমার মেয়ের দেয়া
ওর নাম ভুলে গেছি, খুব সম্ভবত দোয়েল
পাখীদের নামে নাম তো, তাই ভুলে যাই
উড়ে যায় তারা পাখীর মতন
আমার মা, আমার দোয়েল, মা, কোথায় তুমি?
তোমাদের মাকে আমি খুঁজে পেয়েছি
ও কালো কফির দিকে তাকিয়ে আছে কেবল
কফিটা ঠান্ডা হচ্ছে।
আমার বোকা ছেলেটাও এই তো সেদিনই, যেমন উড়ে গেছে
ফুটবলে লাথি দিতে গিয়ে
ওটার নীচে ছিল লুকানো মাইন,
৭১ -ই হবে হয়ত, বাঁশখালির মাঠে; বিকেলে।
কি জানি খুব ঝাপসা লাগে এখন
তোমরা কেন এত দ্রুত হারাও?
তোমরা কেন এত দ্রুত বড় হও?
তোমাদের খুঁজে খুঁজে আমি হয়রান।
তোমাদের মাও চঞ্চল ছিল খুব, রেণু
রেণু তোমাদের মায়ের ডাকনাম
কি অদ্ভুত! শাড়ি পড়ে ছুটে বেড়ানো মেয়েটা এখন তাকিয়ে আছে
কালো কফির দিকে
কালো স্কার্ট, কালো স্কার্ফ।
তোমাদের মা কাঁদছে
নিঃশব্দে কাঁদছে
দোয়েল, অনন তোমরা কোথায়
বুকে আসো বাবা, ছুটে আসো প্লিজ
এখুনি
সময়ে সময়ে, দেশে দেশে ঘুরে ক্লান্ত আমি খুব
তোমাদের ছিন্নভিন্ন দেহগুলো খুঁজে পাচ্ছি না কোথাও
তোমরা কি প্যালেস্টাইনে, সিরিয়ায়, সাঁথিয়ায়
তোমরা কি ঢাকার রাস্তায়, পুড়ছো?
তোমরা কোথায়
আমাদের নয়নের মনি, তোমরা কোথায়
চল, তোমাদের মায়ের কাছে যাই
তোমাদের মা কাঁদছে
আমি জানিনা ওর নাম কি এখন
জানিনা ও বোরকা পড়ে কিনা এখন
বহুদিন কাঁদিনা আমরা
আবার ছিন্নভিন্ন হবার আগে আসো আমরা একসাথে হই
আবার বিস্মৃত হবার আগে আসো আমরা একসাথে হই
দোয়েল, অনন, রেণু তোমরা কোথায়?
শরৎ চৌধুরী, দুপুর ২টা তিরিশ, ২০/১১/১৩, গুলশান, ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

