দীপ নিভে গেছে বহুকাল আগে
অন্ধকার রাস্তাটায় আর পা রাখে না কেউ
রোগা কুকুরটার চামড়ায় স্পষ্ট ভাঁজ পড়েছে হাড়গুলোর
কোন এক পাগলিনীর আর্তনাদ শোনা যায় এখনো কদাচিৎ।
সব অযাচিত জোৎস্না
ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে ওখানে,
ওপাশের জানালা দিয়ে আগে মাঝে মাঝে বেলী ফুলের সুগন্ধ আসতো
এখন পশ্চিমাকাশে মরা গাঙ্গে ডুব দেয়া চাঁদ দেখা যায়।
এখানটায় বড্ড এলোমেলো
কেউ জানে না কোথায় হারিয়েছে শব্দ
শশ্মানঘাট থেকে পদব্রজে যাত্রা শুরু হয় অসং্খ্য প্রেতাত্মার
ঈশ্বর উঁকি দেয় উঁচু দালানের ফাঁক দিয়ে
আর বলে, এখনো রাত পোহাতে ঢের দেরী।
এখানটায় এখনো অনেক শূন্যতা জন্ম নেয় প্রত্যেক কিশোরীর নিশিস্বপ্নে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


