আমি ভালো নেই!
সাদা মেঘ আর কাশফুলহীন এই শরৎ
কিংবা শ্রাবণের কম্পিত কদম্ব শাখা শূন্য এ বেলায়
আমি ভালো নেই।
পাণ্ডুলিপিতে আরশোলার উৎসবে,
বাদকের বেতাল তালে,
বৈশাখী উন্মত্ততায় ভাঙা বৃক্ষের বিপন্ন ডালে
কিংবা কোনো কোকিলের অবেলার সুরে
আমি ভালো নেই।
যখন কিশোরীর এলোকেশে নিদারুণ আর্তনাদ,
তখন জোসনাশোভিত -তারকাখচিত রাতের স্কেচে
গিটারের মোহনীয় সুর তরঙ্গেও
আমি ভালো নেই।
নিষেধের অক্টোপাসে প্রিয়ার চুম্বন!
উড়োচুল-ফুল যখন নিরুপায়;
অতন্দ্র দীর্ঘশ্বাস বুকে চাপিয়ে কি
ভালো থাকা যায়?#
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


