ব্লগ যারা লেখেন তারা নাকি সব চেয়ে সচেতন মানুষ। দেশের ভালমন্দে এদের ই লেখনী সব চেয়ে বেশী করে জোরালো আবেদন তৈরী করে। আমি সামু ছাড়া অন্য কোথাও লিখি না। তাই সামুতে যারা নিয়মিত লেখে তাদের ই সাথে এক রকম আত্মার আত্মীয়তা অনুভব করি। অল্প কয়দিন সামুতে অবস্থানের সুবাদে বেশ কিছু আত্মীয় তোইরী হয়ে গেছে এটা বেশ জোর দিয়ে বলতে পারি।
রাজনীতি আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যেটা চলছে আমি ঘৃনা করি এটা বলতে আমার এক বিন্দু লজ্জা নেই। তবে রাজনীতির হাতে খড়ি আমার কিন্তু আজকে না সে কমপক্ষে তিন দশক আগে সবে ভোলা জিলা স্কুলে ক্লাশ ফোরে ভর্তি হয়েছি, কেন যেন ক্লাশের জ্যাঠা ছেলে মিঠু আমাকে বিন্দু মাত্র সহ্য করতে পারত না।
অল্প কয়েক দিনের মধ্যেই এক টিফিন পিরিয়ডে দলবল সহ মিঠু আমাকে ঘিরে ধরল তার প্রথম প্রশ্ন ছিল, “তুই কি আওয়ামীলীগ করিস”?
“না” আমার নির্দিধায় উত্তর
“তাইলে কি বিএনপি”?
“না” আমার আবারো কম্পিত উত্তর।
“শালা কোন পার্টি করিস না কেন?” কানের ওপর মিঠুর বিরাশী সিক্কা থাপ্পড় খাবার পর টের পেলাম মিঠুর শেষ প্রশ্ন।
এরপর মিঠুর চ্যালা চামুন্ডাদের ও কিছু আশীর্বাদ ঘাড়ে, পিঠে পড়ল আর কেন আমি কোন পার্টি করি না কেন এই প্রশ্ন চলছিলো।
আজকে এই মাঝ বয়সে এসে সেই ক্লাশ ফোরের কথা খুব করে মনে পড়ছে। আমি আসলে কোন পার্টি করি?
খুব অবাক হয়ে খেয়াল করি এখনো আমার সেই একই উত্তর আমি কোন পার্টি করি না। কেন করব? আর পার্টী করি বা না করি পার্টি করনেওয়ালাদের হাতে কিন্তু প্রায় ই আমাদের উত্তম মাধ্যম খেতে হয়।
পরিস্থিতি এক
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার কাজির হাটে গতকাল আওয়ামীলীগ মিছিলের ওপর মসজিদ থেকে ঘোষনা দিয়ে আক্রমন।
পত্রিকা মতে ৩ জন নিহত আর ১০০ ওপর আহত। অসমর্থিত সূত্রে আরো বেশী।
পরিস্থিতি দুই
হরতালের ধাক্কায় জন জীবন বিচ্ছিন্ন। দেশে কোন ফরেন ইনভেষ্টমেন্ট আসছে না। প্রচুর মানুষ চাকুরী হারিয়ে আজ বেকার জীবন যাপন করছে।
পরিস্থিতি তিন
রাজশাহীর বিভাগে ইউনিসেপের স্মস্ত কার্যকলাপ বন্ধ।
বিশ্লেষন
আজকে আওয়ামীলীগ কে মুখোমুখী দাড় করিয়ে দেয়া হয়েছে বিএনপি, জামাত আর হেফাযতে ইসলামের সাথে। দেশের আশি পার্শেন্ট মানুষ ধর্মভীরু। এমন কি আওয়ামীলীগের ও অনেক কর্মী ধর্মের ব্যাপারে নিশ্চুপ। এবং তাই হওয়া উচিত। যুদ্ধাপরাধী বিচার দাবী এদেশের সমস্ত মানুষের প্রানের দাবী। সেই দাবীকে যদি দলীয় ব্যানারে না নিয়ে এসে জাতীয় ব্যানারে করা হত তা হলে দাবী অনেক আগে বাস্তবতার মুখ দেখত।
শাহবাগ নিয়ে যখন আন্দোলন সূচনা হয় তখন আমি একটি পোষ্ট দিয়েছিলাম। শাহবাগের নেতারা আপনারা ভূল করেছেন শিরোনামে সেখানে আমি পরিস্কার উল্লেখ্য করেছিলাম আওয়ামীলীগ যদি বিএনপি কে নিয়ে এক হয়ে এই বিচার প্রক্রিয়া না করে তবে অবশ্যই এই আন্দোলন মুখ থুবড়ে পড়তে বাধ্য। এবং কার্যত তাই হয়েছে।
আমার আর একটি পোষ্ট আছে আমি কিছুটা বিভ্রান্ত নামে, সেখানে শুরুটা করেছিলাম কিছুটা নাটকীয়ভাবে “গুলশান এলাকা থেকে কিছু যুবক কিছুক্ষন আগে দুটো মাইক্রোবাসে করে এসে ধানমন্ডি এলাকায় হঠাৎ করে ঢুকে নির্বিচারে গুলি করে ১৭ জন কে হত্যা করে ৩৭ জন কে আহত করে ৩ জন কে ধরে নিয়ে যায়……. আজকে ফটিক ছড়িতে যে তান্ডব লীলা শুরু হয়েছে বা রাজশাহীতে যা দেখছি তা কি খুব কম কিছু?
সবশেষে আজকে একটা মন্তব্য পেলাম ইতিহাসের হারিয়ে যাওয়া জাতি (হিতাইত জাতি) নামক লেখায়ঃ দেখুন কি মন্তব্যঃ
রাজা ডেভিড ও হিতাইত রমনীদের আকর্ষন থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। হিতাইত দলপতি উরায়ার সুন্দরী স্ত্রীর সঙ্গে গোপনে অভিসার করা ছাড়াও তার স্বামীকে অন্যায়ভাবে হত্যা করে অঙ্কশায়িনী করে।"
শের শায়েরী@ আপনার এই লাইনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিং ডেভিড মানে হচ্ছেন হযরত দাউদ আলাইহিস সালাম যিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম উনার পিতা। যার উপর নাযিলকৃত হয়েছিলো সম্মানিত কিতাব যাবুর শরীফ। আপনার লেখা লাইনটি এক জঘন্য মিথ্যাচার। যা ইহুদীদের প্রণিত মিথ্যা অপবাদমূলক তাফসীরগুলোতে বর্ণিত হয়েছে। ইতিহাসে যা ইসরায়েলী রেওয়ায়েত নামে কুখ্যাত।
আল্লাহ তায়ালা কুরআন পাকে অমোঘ উচ্চারণ ব্যক্ত করেন যে "নূহী ইলাইহিম"
অর্থাৎ হযরত নবী রসুল আলাইহিস সালাম উনারা আল্লাহ রব্বুল আলামীন উনার ওহী মুবারক দ্বারা পরিচালিত।
পরস্ত্রী আসক্তি নাউযুবিল্লাহ ! এধরণের অপবাদ দেওয়া কি করে একজন মুসলমানের কাজ হতে পারে?
এটা কুরআনুল মুআযযম এবং হাদিছ পাক কর্তৃক সুস্পষ্টভাবে আলোকপাতকৃত যে, সকল হযরত নবী রসুল আলাইহিমুস সালাম উনারা কবীরা ছগীরা সমস্ত প্রকার গুনাহ খতা এমনকি অপছন্দনীয় কাজ সমূহ হতেও সম্পূর্ণরুপে পবিত্র। অপাতত সংক্ষিপ্ত জবাব দিলাম প্রয়োজনে আরো বিস্তারিত জবাব দেওয়া যাবে ইনশাআল্লাহ।
অতএব এখনি হযরত দাউদ আলাইহিস সালাম ওরফে কথিত কিং ডেভিড সংক্রান্ত লাইনাটি সংশোধন করুন।
তো এই যদি হয় আজকে ব্লগের ওপর বিখ্যাত ইসলামবেত্তা আর ইসলাম সংরক্ষনকারীদের মনোভাব তবে এই ব্লগ লেখা আমার জন্য না।
এই বিখ্যাত ইসলামী চিন্তাবিদকে কি ভাবে বুজাব যে, খ্রীষ্টানরা ঈসা (আঃ) কে যীশু নামে ডাকে আর তারা যীশুকে তাদের মত করেই আকৃতি দিয়েছে। যে যীশু ওয়াইন বা মদ খায় যা খ্রীষ্ট ধর্মে কোন অন্যায় না। কিভাবে এই প্রীতম ব্লগকে বলি এটা ব্লগ এখানে যারা লেখে অনেক ই আপনার থেকে ইসলাম নিয়ে বেশী জানে।
আমি একটি ধার্মিক মুসলমান ফ্যামিলির ছেলে কিভাবে নবী রাসুলদের সন্মান দিতে হয় সেটা আমাদের প্রাথমিক শিক্ষা আদবের মধ্যে পড়ে।
ব্লগারদের কি করার আছে?
গত কিছুদিন ধরে পোষ্ট দিতে ইচ্ছা করে না। ব্লগ খুললেই দেখি আওয়ামীপন্থীরা বিএনপিপন্থীদের আক্রমন করছে অথবা বিএনপি পন্থীরা আওয়ামী পন্থীদের আক্রমন করছে। জানি না এতে কার লাভ হচ্ছে? দেশের কি হচ্ছে।
আজকে যে লাশটা পড়ছে সে হয়ত বিএনপি অথবা আওয়ামীলীগ অথবা হেফাযত সমর্থনকারী কোন নিরীহ হুযুর, যে কিনা অনেক ভূল ধারনা নিয়ে জীবন দিতে যাপিয়ে পড়ছে। আমার কাছে সে কোন রাজনৈতিক কর্মী না কোন এক মায়ের বুক খালি করা হাহাকার।
আওয়ামীলীগ বিএনপি বা ধর্ম ভিত্তিক রাজনীতি নিয়ে অনেক পোষ্ট পড়ছে সামনেও পড়বে কিন্তু আমরা ব্লগার রা কবে এক হয়ে আওয়াজ তুলব বন্ধ হোক এই জীবন নিয়ে রাজনীতি? আমরা কি পারি না অনলাইনে ৫০০০০ হাজার সাইন তুলে প্রধানমন্ত্রী ও বিরোধীদল নেত্রীকে নিয়ে বসার ব্যাবস্থা করতে?
হয়ত আপনার কাছে আরো ভাল কোন আইডিয়া আছে। আর ভাল লাগে না এই পরিস্থিতি।
এক সময় যাদের লেখা পড়ার জন্য ব্লগে আসতাম তারা কেউ আর পোষ্ট দেয়না। কেন?
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




